খেলার মাঠে একসময় ছিলেন আক্রমণাত্মক, কিন্তু কোর্টের বাইরে সমাজের জন্য নজির গড়লেন জ্বালা গুট্টা। ভারতীয় ব্যাডমিন্টনের এই তারকা মা হওয়ার পর শুরু করেছেন অভিনব উদ্যোগ—একটি সরকারি হাসপাতালে ইতিমধ্যেই ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করেছেন তিনি। মাতৃত্বের সঙ্গে যুক্ত মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এই পথ বেছে নিয়েছেন জ্বালা।
গত এপ্রিলে স্বামী অভিনেতা-প্রযোজক বিষ্ণু বিশালের সঙ্গে তাঁদের কন্যা সন্তানের জন্ম হয়। এরপর থেকেই দুধ দানের সিদ্ধান্ত নেন জ্বালা। আগস্টে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘‘মায়ের দুধ জীবন বাঁচায়। প্রি-ম্যাচিয়োর এবং অসুস্থ শিশুদের জন্য দুধ দান করা মানে তাদের নতুন জীবন দেওয়া।’’ তাঁর মতে, মিল্ক ব্যাংকের পাশে দাঁড়ানো এবং সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য। শুধু অসুস্থ শিশু নয়, মা-হারা নবজাতকদের জন্যও এ উদ্যোগ আশার আলো।
এই মানবিক যাত্রার পেছনে রয়েছে লড়াইয়ের গল্পও। দীর্ঘ আইভিএফ চিকিৎসার পর অবশেষে মা হয়েছেন জ্বালা। পাঁচ-ছয়বার ব্যর্থ প্রচেষ্টার পর যখন আশা প্রায় শেষ, তখন পাশে দাঁড়ান অভিনেতা আমির খান। বিষ্ণুর কথায়, ‘‘আমির স্যর না থাকলে আমরা মীরাকে পেতাম না। তিনি আমাদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং জ্বালাকে নিজের বাড়িতে পরিবারের মতো যত্নে রাখেন।’’ অবশেষে সফল হন জ্বালা, আর সেই আনন্দ ভাগ করে নিচ্ছেন অন্য শিশুদের সঙ্গে।
খেলোয়াড়ি জীবনে বহু জয় এনে দিয়েছিলেন দেশকে, এবার মাতৃত্বের পথেও গড়লেন অন্যরকম জয়। জ্বালা গুট্টার এই উদ্যোগ শুধু সমাজের কাছে এক অনন্য বার্তাই নয়, বরং প্রমাণ করে মানবিকতার শক্তিই সবচেয়ে বড় অনুপ্রেরণা।







