এখনও ধোঁয়াশা কাটেনি, কীভাবে মৃত্যু হল মাত্র একুশ বছরের ছাত্রী অনামিকা মণ্ডলের? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিল থেকে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার হওয়ার পর পেরিয়ে গেছে চারদিন। কিন্তু মৃত্যুর রহস্য এখনও গভীর অন্ধকারে।
নিরাপত্তারক্ষীর বয়ানে জল্পনা
বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তারক্ষীর দাবি আরও প্রশ্ন তুলছে। তিনি জানান, অনামিকা জলে পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছনোর সময়, সেখানে আর অন্য কাউকে দেখেননি। অথচ, শুরু থেকেই শোনা গিয়েছিল, অনামিকার পড়ে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছিলেন এক তরুণী। কে সেই মেয়ে? তিনি কি অনামিকার সঙ্গে ছিলেন? নাকি অন্য কেউ?
পরিবারের অভিযোগ: খুন
মৃত ছাত্রী অনামিকার পরিবার ইতিমধ্যেই খুনের মামলা দায়ের করেছে। অনামিকার বাবা অর্ণব মণ্ডলের অভিযোগ, তাঁর মেয়ে একেবারেই সাঁতার জানত না। অথচ ময়নাতদন্তে উল্লেখ, মৃত্যু হয়েছে পানিতে ডুবে। তাঁর কনুইয়ে পাওয়া গেছে ক্ষতের চিহ্ন। পরিবার দাবি করছে—সাঁতার না জানা অনামিকাকে কি ইচ্ছাকৃতভাবে ঝিলে নিয়ে যাওয়া হয়েছিল?
তদন্তে লালবাজার
ঘটনার তদন্তে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ঘটনাস্থল ঘুরে দেখেন খোদ সিপি-র যুগ্ম কমিশনার রূপেশ কুমার ও ডিসি SSD বিদিশা কলিতা। হোমিসাইড শাখা খতিয়ে দেখছে, মৃত্যুর আগে অনামিকা কার কার সঙ্গে দেখা করেছিলেন, কার সঙ্গে ফোনে কথা হয়েছিল।
শেষ মুহূর্তের সংকেত
পরিবারের দাবি, মৃত্যুর ঘণ্টাখানেক আগে পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন অনামিকা। সন্ধে ৭টা ২২ মিনিটে তিনি পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি পাঠিয়েছিলেন। রাত ৯টা ৮ মিনিটে মায়ের সঙ্গে ফোনে কথা বলেন। মাকে জানান, সাড়ে ৯টার মধ্যে বেরিয়ে আসবেন। তারপরই ঘটে মর্মান্তিক বিপর্যয়।
রাজনীতির আঁচ
ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি তীব্র হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ‘‘এসব চাপা পড়ে যাবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফেরাতে হলে বিজেপিকেই আনতে হবে।’ অন্যদিকে ছাত্র সংগঠনগুলি পরিকাঠামোগত ব্যর্থতা ও প্রশাসনিক শূন্যতার দিকে আঙুল তুলছে।
অমীমাংসিত প্রশ্ন
দুর্ঘটনা? নাকি পরিকল্পিত খুন? অনামিকার মৃত্যু ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন। উত্তর খুঁজছে পরিবার, সহপাঠীরা এবং গোটা রাজ্য।







