খেলাধুলা

জাপানে পাকিস্তানের ভুয়ো ফুটবল কাণ্ডে চাঞ্চল্য, নেপথ্যে মানবপাচার চক্রের যোগ

এশিয়া কাপের মাঝেই নতুন বিতর্কে জড়িয়ে পড়ল পাকিস্তান। এবার ক্রিকেট নয়, ফুটবলকে ঘিরে আন্তর্জাতিক অস্বস্তির মুখে দেশটি। জাপানের বিমানবন্দরে ধরা পড়ল ভুয়ো ফুটবল দল! মানবপাচারের সন্দেহে ২২ জনকে ফেরত পাঠাল টোকিয়ো প্রশাসন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাপে পাকিস্তান সরকার, শুরু হয়েছে বিস্তৃত তদন্ত।

জানা গিয়েছে, সিয়ালকোট থেকে “ফুটবল দল” পরিচয়ে জাপানে পৌঁছেছিলেন ২২ জন। তবে বিমানবন্দরে তাঁদের জমা দেওয়া নথি খতিয়ে দেখে সন্দেহে পড়ে কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে প্রমাণিত হয়, সমস্ত কাগজপত্র ভুয়ো। জাপানি প্রশাসন একে মানবপাচারের ছক বলেই মনে করছে। অবশেষে দলটিকে ফেরত পাঠানোর পাশাপাশি ইসলামাবাদকে কড়া সতর্কবার্তা দিয়েছে টোকিয়ো। এ ঘটনায় জাপানে বসবাসরত পাকিস্তানিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাঁদের বক্তব্য, মূল অভিযুক্ত মালিক ওয়াকাস নামে এক ব্যক্তি ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামে ভুয়ো ক্লাব গড়ে তোলে। অভিযোগ, তিনি প্রতিজনের কাছ থেকে ৪০ লাখ টাকা নিয়ে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভুয়ো ফুটবলার সাজানোর জন্য দেওয়া হয়েছিল বিশেষ প্রশিক্ষণও। পুলিশ ইতিমধ্যেই ওয়াকাসকে গ্রেফতার করেছে এবং গুজরানওয়ালা থানায় মামলা দায়ের হয়েছে।

তদন্তকারীদের মতে, এই ঘটনার নেপথ্যে আরও বড় চক্র সক্রিয় থাকতে পারে। প্রশ্ন উঠছে—এতজন কীভাবে সহজেই ভুয়ো পরিচয়ে আন্তর্জাতিক বিমানে চড়তে পারল? পাকিস্তানের ভেতরে প্রশাসনিক গাফিলতি না কি সুসংগঠিত দালালি—তা নিয়ে চলছে জোর আলোচনা। আন্তর্জাতিক স্তরে এই কেলেঙ্কারি পাকিস্তানের ভাবমূর্তিকে নতুন করে ধাক্কা দিল, এমনটাই মনে করছে কূটনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.