সবাই যখন তাকিয়ে ছিলেন নীরজ চোপড়ার দিকে, তখন আলো কেড়ে নিলেন এক নতুন নাম—শচীন যাদব। উত্তরপ্রদেশের এই তরুণ জ্যাভলিন থ্রোয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়ে মিস করেছেন পদক, তাও মাত্র ৫০ সেন্টিমিটারের জন্য। তবে এই অল্প ব্যবধানেই তিনি দেখিয়ে দিলেন, ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ভবিষ্যৎ তারকা আর কেউ নন, তিনিই। ধোনিকে আদর্শ মেনে বড় হওয়া শচীনের গল্প যেন এক নতুন অধ্যায় লিখছে ভারতীয় অ্যাথলেটিক্সে।
চলতি বছরের ন্যাশনাল গেমসে সোনাজয়ী শচীন এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জিতেই নজর কাড়েন। নীরজ চোপড়া ক্লাসিকেও লড়াই করেছিলেন তিনি। এবার বিশ্বমঞ্চে তাঁর সাহসী পারফরম্যান্স প্রমাণ করেছে, আন্তর্জাতিক পর্যায়ে লড়াই করার মানসিকতা ও দক্ষতা দুটোই রয়েছে তাঁর। যোগ্যতা পর্বে নীরজের সঙ্গে গ্রুপে থেকেও সরাসরি না উঠতে পারলেও ৮৩.৬৭ মিটার ছুঁড়ে টপ ১২-তে জায়গা করে নেন তিনি। সেখান থেকেই শুরু চমকের গল্প।
ফাইনালে প্রথম থ্রোতেই ৮৬.২৭ মিটার ছুড়ে জীবনের সেরা পারফরম্যান্স দেন শচীন। এরপর ধারাবাহিকভাবে ৮৫ মিটারের আশপাশে থ্রো করতে থাকেন। প্রতিটি নিক্ষেপে দৃঢ়তা আর আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন তিনি। শেষ পর্যন্ত যদিও ব্রোঞ্জের দৌড়ে মাত্র ৫০ সেন্টিমিটার পিছিয়ে যান, তবে ভারতীয় ক্রীড়ামহলে তাঁর নাম নিয়ে উচ্ছ্বাস থামেনি।
মাত্র ২৫ বছর বয়সেই এমন পারফরম্যান্স কেবল ইঙ্গিত দিচ্ছে, শচীনের ক্যারিয়ার সামনে আরও উজ্জ্বল হতে চলেছে। নীরজ-নাদিমদের ব্যর্থতার দিনেও তিনি আশার আলো দেখিয়েছেন। আর ধোনির মতো মেন্টাল স্ট্রেন্থকে আদর্শ করে এগিয়ে চলা এই লম্বা চেহারার তরুণ আগামী দিনে ভারতীয় অ্যাথলেটিক্সকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন—এমনটাই এখন মনে করছে ক্রীড়ামহল।







