জেলা

পিংলার জলচকে এবার কোচবিহারের রাজবাড়ি! মহালয়ায় মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আর এই পূজাকে ঘিরে প্রতি বছরই চমক দিয়ে আসছে পশ্চিম মেদিনীপুরের পিংলার জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটি। গত কয়েক বছর ধরে তাদের থিম নজর কেড়েছে সকলের, এবার তারা তৈরি করেছে কোচবিহারের রাজবাড়ির আদলে বিশাল মণ্ডপ।

জলের ওপর তৈরি টাইটানিক আর প্রেম মন্দিরের পর এবার এই নতুন চমক নিয়ে হাজির হয়েছে পূজা কমিটি। মণ্ডপ সজ্জার শেষ মুহূর্তের কাজ চলছে জোর কদমে। পিতৃপক্ষের অবসানে মহালয়ার পুণ্যলগ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই মণ্ডপের উদ্বোধন করেন।

পূজা কমিটির অন্যতম পৃষ্ঠপোষক তথা পিংলা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র বেরা বলেন, “কোচবিহারের রাজবাড়ির আদলে মণ্ডপ তৈরি করে আমরা বাংলার সংস্কৃতি এবং পুরোনো ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি। শুধু জেলার মানুষ নয়, গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলা, এমনকি ভিন রাজ্যের দর্শনার্থীরাও আমাদের মণ্ডপে ভিড় জমিয়েছেন। এবারও আমরা আশাবাদী যে রেকর্ড সংখ্যক দর্শনার্থী আসবেন।”

মহালয়ার শুভ দিনে স্বয়ং মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে খুশি পূজা উদ্যোক্তারা। জানা গিয়েছে, এবারের পূজার বাজেট প্রায় ৩৯ লক্ষ টাকা। বিপুল বাজেটের এই মণ্ডপ দেখতে যে দর্শনার্থীদের ঢল নামবে, সেই কারণে প্রশাসনও নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের জন্য তৎপরতা শুরু করেছে।
পর্যবেক্ষকদের মতে, পশ্চিম মেদিনীপুরের এই গ্রামীণ পূজা এখন শহরের বড় পূজা মণ্ডপগুলোর সাথে পাল্লা দিচ্ছে। এই উদ্যোগ শুধু এলাকার মানুষকে আনন্দই দিচ্ছে না, বরং বাংলার ঐতিহ্যকে নতুন করে তুলে ধরছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.