বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবককে খুন। মহালয়ার সকালে উদ্ধার হয়েছিল সেই যুবকের রক্তাক্ত দেহ ক্যানিংয়ে মেছোভেড়ির জল থেকে। তারপর ২৪ ঘন্টার মধ্যেই সেই খুনের কিনারা করল ক্যানিং থানার পুলিশ। ফোন কলের সুত্র ধরে গ্রেফতার করা হয় এক দম্পতিকে। মৃত যুবকের নাম শামিম পৈলান (২৬)। বাড়ি উস্থি থানার সংগ্রামপুর এলাকায়। ধৃত দম্পতির নাম সৌমেন সর্দার ও তাঁর স্ত্রী দেবী সর্দার।
পুলিশ সুত্রে জানা গেছে যে, শামিমের সাথে ছয় মাস আগে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠে দেবী সর্দারের। সৌমেন,স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেই শামিমকে খুনের পরিকল্পনা করে। স্ত্রীকে দিয়ে শামিমকে ফোন করিয়ে ক্যানিং-এর বৈতরণী সংলগ্ন একটি ফাঁকা জায়গাতে ডাকে। শামিম সেখানে পৌঁছতেই সৌমেন তাঁকে এলোপাথাড়ি ছুরির কোপ মারে। পালাতে গিয়ে মেছোভেড়ির জলে পরে যায় শামিম। মৃত্যু নিশ্চিত করতে জলে নেমে শ্বাস রোধ করে মারা হয় শামিমকে। খুনে ব্যাবহ্ত অস্ত্রটিও উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার অর্থাত আজ ধৃত দম্পতিকে আলিপুর আদালতে তোলা হবে।







