মালদহে ফের জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল। সোমবার দুপুরে ইংরেজবাজার থানার নরহাট্টার বাবুপুর এলাকায় মহানন্দা নদীতে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে যান ১৯ বছর বয়সের তরুণী গৃহবধূ রেশমি খাতুন।
জানা গেছে, মাস দেড়েক আগেই কুমারগঞ্জের বাসিন্দা রেশমির বিয়ে হয়েছিল বাবুপুরে। এদিন বেলা একটা নাগাদ তিনি শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে নদীতে স্নান করতে নামেন। সেই সময় সকলের অগোচরে হঠাৎই তিনি জলে ডুবে যান।
ঘটনার পরপরই স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা স্পিডবোট নিয়ে উদ্ধারকাজে নেমেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রেশমির দেহ উদ্ধার করা যায়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







