নিজস্ব সংবাদদাতা : অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া ছোট ঘরে দেড় মাস আগে ঘর ভাড়া নিয়েছিলেন পাঁচ অবাঙালি যুবক। প্রায়ই বিহার – ঝাড়খন্ড থেকে এই রাজ্যে এসে, কল্যাণীর এই এলাকায় ভাড়া নিত কাজ খুঁজতে আসা শ্রমিকরা। ঘর ভাড়া দেবার জন্য ১০ হাজার টাকা চেয়েছিলেন বাড়িওয়ালা । কোনরকম আপত্তি ছাড়াই টাকা দিয়ে ছিলেন। আর তারপরে বাড়িওয়ালার টনক নড়ল। কল্যাণীর ওই বাড়িওয়ালা গোপাল শেঠ জানতে পারলেন, তাঁরই বাড়িতে বসে বড় ডাকাতির ছক কষেছিল বিহারের ‘দস্যু’রা।
সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে কল্যাণী থেকে এক ঘণ্টার দূরত্বে রানাঘাটে এবং প্রায় ছ’ঘণ্টার দূরত্বে পুরুলিয়ার দু’টি সোনা এবং হিরের গহনার দোকানে কয়েক কোটি টাকার ডাকাতি হয়। অদ্ভুতভাবে ঘটনার জায়গা গুলো অমিল হলেও ডাকাতি করার ঘটনার মধ্যে সম্পূর্ণ মিল ছিল। একই নিয়ম মেনে একই সংখ্যক ডাকাত একই গয়নার শোরুম এ গিয়ে ডাকাতি করে। সূত্র থেকে জানা যায় তারা প্রত্যেকেই বিহার থেকে এসেছে। পুলিশ তদন্ত করে বুঝতে পারে যে এ দুটো ঘটনাই একই দলের ডাকাতরা করেছে। বিহারের দুষ্কৃতীরা খুব ঠান্ডা মাথায় এই দুটি জায়গায় ডাকাতি করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছিল।
কল্যাণীরবি ব্লকের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, ‘‘আপাত নিরীহ, কম কথা বলা, মুখচোরা স্বভাবের ওই যুবকদের দেখে একটু ‘অন্যরকম’ই লাগত । সকাল হলেই দু’টো বাইকে চড়ে বেরিয়ে পড়ত ওরা। ফিরত সন্ধে নামার পর। যাতায়াতের পথে চোখাচোখি হত না, তা নয়। কিন্তু প্রয়োজন না হলে ওরা পারতপক্ষে কথা বলত না কারও সঙ্গে। বাড়িতে থাকলেও সারাদিন থাকত ঘরের ভিতরেই।’’
ইতিমধ্যেই রানাঘাটের ঘটনার সাতজনের মধ্যে পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে।তবে রানাঘাটের ঘটনায় পুলিশের তদন্ত কিছুটা এগোলেও পুরুলিয়ার ঘটনায় এখনও দুষ্কৃতীদের নাগাল পায়নি পুলিশ।
সূত্রে খবর, দুষ্কৃতীরা কর্মীদের রিভলভার দেখিয়ে বেঁধে রেখে ডাকাতি করে। যাওয়ার আগে নিয়ে যায় সিসি ক্যামেরার হার্ডড্রাইভগুলিও। তবে দোকানের সিসি ক্যামেরা ফুটেজ না পেলেও দোকানের বাইরে রাস্তার ফুটেজ থেকে ডাকাতদলকে ধরার চেষ্টা করছে পুলিশ। এছাড়াও তার খোঁজে এলাকার চারপাশে তল্লাশি চালানো হচ্ছে। খোঁজ নেওয়া হচ্ছে যে সমস্ত জায়গায় বাড়ি ভাড়া দেওয়া হয় সেই সব জায়গাতে।







