উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় ঘটে গেল এক অত্যন্ত উদ্বেগজনক ঘটনা, যা শিশু নিরাপত্তা এবং অবৈধ প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। একটি মাদ্রাসার তালাবন্ধ শৌচালয়ের ভেতর থেকে ৪০ জন নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। মেয়েদের বয়স মাত্র ৯ থেকে ১৪ বছরের মধ্যে। গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। শৌচালয়ের দরজা খোলার পর একে একে যে দৃশ্য সামনে আসে, তাতে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যান। ভীতসন্ত্রস্ত ও বিহ্বল অবস্থায় নাবালিকারা বেরিয়ে আসে, যাদের অনেকেই ভয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছিল না।
প্রাথমিক তদন্তে জানা গেছে, যে প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে, সেটি প্রায় তিন বছর ধরে চলছে, অথচ তার কোনো সরকারি নথিভুক্তি বা বৈধতা নেই। অর্থাৎ, এটি সম্পূর্ণ বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। পুলিশ ও স্থানীয় প্রশাসনের নাকের ডগায় কীভাবে এত দিন ধরে একটি অবৈধ প্রতিষ্ঠান চলছে, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। নাবালিকাদের এভাবে শৌচালয়ের মতো অস্বাস্থ্যকর ও বদ্ধ স্থানে তালাবন্ধ করে রাখার কারণ জানতে চাইলে মাদ্রাসা কর্তৃপক্ষ আরও বিস্ময়কর যুক্তি দেয়। তাকসিম ফাতিমা নামে এক শিক্ষিকা দাবি করেন, বাইরে গোলমাল হওয়ায় মেয়েরা নিজেরাই নাকি আতঙ্কিত হয়ে ভেতরে ঢুকে দরজা আটকে দিয়েছিল। অবশ্য পুলিশ এই দুর্বল যুক্তি মানতে রাজি হয়নি। ঘটনার গুরুত্ব অনুধাবন করে পুরো মাদ্রাসাটি সিল করে দেওয়া হয়েছে এবং এর সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা প্রশাসন অবিলম্বে এই অবৈধ প্রতিষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দিয়েছে।







