মহাষষ্ঠীর সকালটা রোদঝলমলে হলেও বিকেলের পরেই আকাশের রং পাল্টে দিতে চলেছে মৌসুমি বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুপুর দু’টো থেকে আগামী কয়েক ঘণ্টা রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, হাওড়া এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার সকালের পর ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করা নিম্নচাপ ক্রমশ শক্তি হারালেও, মঙ্গলবার অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নবমীর আগেই তা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবেই ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গের সতর্কতা
রবিবার: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা হাওয়া।
সোমবার: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা — বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, হলুদ সতর্কতা।
মঙ্গলবার: উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান — বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা হাওয়া।
বুধবার: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
বৃহস্পতিবার: দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায়।
শুক্রবার: পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা।
শনিবার: দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি।
উত্তরবঙ্গের সতর্কতা
রবিবার: দক্ষিণ দিনাজপুরে প্রবল বৃষ্টির পূর্বাভাস।
সোমবার: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং — বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
মঙ্গলবার: দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সতর্কতা।
বুধবার: উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
বৃহস্পতিবার: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস।
শুক্রবার: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (কমলা সতর্কতা)। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা।
শনিবার: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস।
শারদোৎসবের আবহে এই লাগাতার বৃষ্টি রাজ্যের মণ্ডপে ভিড় ও আনন্দ-উল্লাসে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে পুজো উদ্যোক্তারা।







