জেলা

স্বামী-স্ত্রীর বিবাদে বলি দেড় বছরের শিশুকন্যা, সেই দিনই ট্রেনের ধাক্কায় মৃত্যু বাবারও

স্বামী-স্ত্রীর পারিবারিক বিবাদের জেরে চরম মর্মান্তিক পরিণতি। দেড় বছরের শিশুকন্যাকে আছাড় মেরে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। এর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বাবারও। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার দেবীদাসপুরে।

মৃত শিশুকন্যার নাম সুলাইমা খাতুন। মৃত অভিযুক্ত বাবার নাম নাঈম আখতার। একসঙ্গে স্বামী ও কন্যাকে হারিয়ে দিশেহারা মা সুলেখা খাতুন। সোমবার দু’জনের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।

কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে সামশেরগঞ্জের ইসলামপুর গ্রামের বাসিন্দা সুলেখার সঙ্গে বিয়ে হয়েছিল নাঈম আখতারের। অভিযোগ, কন্যাসন্তান জন্মের পর থেকেই স্ত্রীকে মারধর করতেন নাঈম এবং তাঁর পরিবারের সদস্যরা। এমনকি, সুলেখাকে ডিভোর্স দেওয়ার হুমকিও দেন তিনি।

অভিযোগ অনুযায়ী, রবিবার দুপুরে স্বামী-স্ত্রীর তর্কাতর্কির সময় পরিবারের অন্যদের সামনেই দেড় বছরের সুলাইমাকে মাটিতে আছাড় মারেন নাঈম। সংকটজনক অবস্থায় শিশুকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।

কয়েক ঘণ্টার মধ্যেই নাঈমকে মৃত অবস্থায় পাওয়া যায় শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর রেললাইনে। প্রাথমিক অনুমান, মেয়ের মৃত্যুর পর মানসিক চাপে আত্মহত্যা করেছেন তিনি। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা নাকি আত্মহত্যা—তা খতিয়ে দেখা হচ্ছে।

পরিবারের অভিযোগ
সুলেখার বাবার বাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কন্যাসন্তান জন্মের পর থেকেই মেয়ের উপর অমানবিক নির্যাতন চালাত জামাই নাঈম ও তাঁর পরিবার। তাঁদের দাবি, এই ঘটনার জন্য শুধু নাঈম নয়, তাঁর পরিবারের লোকজনও সমানভাবে দায়ী।

এলাকায় চাঞ্চল্য
একসঙ্গে স্বামী ও কন্যাকে হারিয়ে ভেঙে পড়েছেন সুলেখা খাতুন। গোটা এলাকায় ছড়িয়েছে গভীর শোক ও চাঞ্চল্য। তদন্তে নেমেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.