জেলারাজনীতি

‘পেপার বয়’ থেকে বিধায়কের পিএ — মুর্শিদাবাদের নিতাই দত্তর উত্থান থেকে ইডি অভিযানের গল্প

একসময় খবরের কাগজ বিলি করতেন, আজ কোটি টাকার সাম্রাজ্যের মালিক। পুর নিয়োগ দুর্নীতির জাল গড়ার অভিযোগে এবার ইডির নজরে মুর্শিদাবাদের নিতাই দত্ত।

মুর্শিদাবাদের ছাপোষা পরিবারের সন্তান, নাম নিতাই দত্ত। একসময় কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি-বাড়ি খবরের কাগজ বিলি করতেন। এরপর বই-খাতার ব্যবসা, আর তার ফাঁকেই রাজনীতির সঙ্গে যোগ। সময়ের স্রোতে সেই ‘পেপার বয়’ আজ কোটি টাকার মালিক, দমকলমন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ সহযোগী এবং দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান।

কিন্তু শুক্রবার সকালেই সবকিছু ওলটপালট। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের নেমে পড়ল ইডি (Enforcement Directorate)। একযোগে অভিযান চলে কলকাতার অন্তত ১০টি জায়গায়। ইডির টিম ঢোকে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী নিতাই দত্তর বাড়ি ও গোডাউনে।

ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার সূত্র মেলে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের সময়। সিবিআই যখন ব্যবসায়ী অয়ন শীলকে গ্রেফতার করে এবং তাঁর অফিস তল্লাশি চালায়, তখনই মেলে পুর নিয়োগ সংক্রান্ত নথি। সেখান থেকেই সুতো গিয়ে জোটে একের পর এক নাম — যার মধ্যে অন্যতম নিতাই দত্ত।

মুর্শিদাবাদ থেকে কলকাতা — উত্থানের গল্প
২০০৮ সালে কলকাতায় পা রাখেন নিতাই। প্রথমে লেকটাউনের দক্ষিণদাড়িতে ভাড়া থাকতেন। দিনের আলোয় খবরের কাগজ বিলি, রাতে কলেজ স্ট্রিটে বই-খাতার বিক্রি — এভাবেই চলত সংসার। তবে এর পাশাপাশি ছিল আরেকটি পরিচয় — তৃণমূল কংগ্রেসের ফুল-টাইম কর্মী।
সময় গড়াতে গড়াতে বিধায়ক সুজিত বসুর আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। তারপর থেকে পিছু ফিরে তাকাতে হয়নি নিতাইকে। মন্ত্রীর ছায়াসঙ্গী হয়ে ধীরে ধীরে নিজের প্রভাব ও সম্পত্তি বাড়াতে থাকেন তিনি।

রাজনীতি, ক্ষমতা ও অভিযোগ
২০১১ সালের পর রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল সরকার। সেই সময় থেকেই বেড়তে থাকে নিতাই দত্তর প্রভাব। বাড়ি, গোডাউন, রেস্তোরাঁ — একের পর এক সম্পত্তি গড়ে ওঠে। এরপর ২০২১ সালে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি।

তদন্তকারীদের দাবি, এই সময় থেকেই শুরু হয় দুর্নীতির নতুন অধ্যায়। পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে মোট ১৪টি পুরসভার নাম উঠে এসেছে, যার মধ্যে অন্যতম দক্ষিণ দমদম পুরসভা। অভিযোগ, এখানকার একাধিক নিয়োগে নিতাই দত্ত নিজের প্রভাব খাটিয়েছেন, এমনকি স্ত্রী ও ভাইকেও বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন।

ইডি গতবছর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে সাত পাতার গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে। সেখানে পুর নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেনের সূত্র মিলেছে বলে দাবি সংস্থার।

সুজিত বসুর নাম কেন আলোচনায়?
কারণ, ওই সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু নিজে। ফলে তাঁর দপ্তর এবং ঘনিষ্ঠদের আর্থিক লেনদেন নিয়েও ইডির নজরদারি চলছে। তদন্তকারীরা এখনও পর্যন্ত দু’জনের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক যোগসূত্র খতিয়ে দেখছেন।

‘পেপার বয়’ থেকে ‘পাওয়ার বয়’ — নিতাই দত্তর এই উত্থান যেন সিনেমার চিত্রনাট্য। তবে এবার বাস্তবের স্ক্রিপ্ট লিখছে ইডি। সেই গল্পের শেষ কোথায়, সেটাই এখন সময়ের অপেক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.