পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সুন্দরনগর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে দুই নাবালকের বিরুদ্ধে। অভিযোগ, বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে দুই অভিযুক্ত।
ওই সময় বাড়িতে দুই শিশুকে নিয়ে একাই ছিলেন গৃহবধূ। স্বামী কাজের সূত্রে বাইরে থাকায় সুযোগ নেয় অভিযুক্তরা। সন্ধ্যার সময় তাঁকে মুখ চেপে ধরে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ঘটনার পরেই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে দুই নাবালককে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরবর্তীতে তাদের হোমে পাঠানো হয়েছে।
পরিবারের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই চলত মদের আসর। প্রায়ই গৃহবধূকে ফলো করত অভিযুক্তরা। সুযোগ বুঝেই নৃশংস ঘটনাটি ঘটায় বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে।
স্থানীয়দের দাবি, এলাকায় মদের আসর ও অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পাঁশকুড়া জুড়ে।







