বাংলার ফুটবলে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। এবার রাজ্যের তৃণমূল স্তরের প্রতিভা তুলে আনতে ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিতে জার্মান ক্লাব এফসি ইংগলস্টাডের সঙ্গে হাত মিলিয়েছে শ্রাচি স্পোর্টস। শুধু তরুণ ফুটবলার নয়, ভবিষ্যতের কোচদেরও বিশ্বমানের ট্রেনিং দেওয়ার লক্ষ্য নিয়ে এই উদ্যোগে নামছে সংস্থাটি। শ্রাচির বর্ধমানের অ্যাথলিড স্পোর্টস অ্যাকাডেমি হয়ে উঠবে এই প্রকল্পের কেন্দ্রবিন্দু।
এই অংশীদারিত্বের মূল ভাবনা— গ্রামের অজ পাড়ার প্রতিভাকেও বিশ্বের মঞ্চে তুলে ধরা। শ্রাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি জানালেন, “আমরা চাই বাংলার মাটির খেলোয়াড়রা আন্তর্জাতিক ফুটবলের ছোঁয়া পাক। বিশেষ করে গ্রামীণ ও উপজাতি ক্রীড়াবিদদের সামনে আনার জন্যই এই উদ্যোগ।” তাঁর কথায় স্পষ্ট, এই প্রকল্প শুধু প্রশিক্ষণ নয়, বাংলার ফুটবল কাঠামোকে বদলে দেওয়ার এক প্রয়াস।
জার্মান কোচরা সরাসরি কাজ করবেন এখানকার ফুটবলার ও কোচদের সঙ্গে। মাঠে দক্ষতা, ফিটনেস, ট্যাকটিকস— প্রতিটি ক্ষেত্রেই উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশের বিচারপুরের পাঁচ তরুণ ফুটবলার ইংগলস্টাডে ট্রেনিং নিচ্ছেন। তাদের পারফরম্যান্সেই অনুপ্রাণিত হয়ে বাংলায় বড় পরিসরে শুরু হচ্ছে এই উদ্যোগ।
বর্তমানে শ্রাচি বর্ধমানে একটি আধুনিক ফুটবল অ্যাকাডেমি গড়ে তুলেছে, এবার লক্ষ্য রাজধানী দিল্লি। সেখানেও আসছে নতুন কেন্দ্র। আন্তর্জাতিক সহযোগিতার এই পথ ধরেই বাংলার ফুটবল পেতে পারে নতুন দিশা— যেখানে মাটির ঘ্রাণ মিশে যাবে ইউরোপীয় পেশাদারিত্বে, আর উঠবে পরবর্তী প্রজন্মের ফুটবল তারকারা।







