এসআইআরের শুনানি পর্ব নিয়ে জেলায় জেলায় চড়ছে উত্তেজনার পারদ। কোথাও টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হচ্ছে। অভিযোগ উঠছে, সমস্ত নথি, তথ্য থাকা সত্ত্বেও ডাকা হচ্ছে শুনানি পর্বে। এছাড়াও অভিযোগ রয়েছে, ইসলাম ধর্মের হওয়ার কারণে হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই জেলায় জেলায় একাধিক শুনানি কেন্দ্রে বিক্ষোভের ঘটনা সামনে আসছে। উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর সহ বাংলার একাধিক জেলার বিভিন্ন শুনানি কেন্দ্রে একই ছবি।
গত বছরের অক্টোবর মাসে বঙ্গে লাগু হয়েছে এসআইআর। এরপর থেকে নানান অভিযোগ ও বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। এখন চলছে শুনানি পর্ব। নথিতে সামান্য অসঙ্গতি থাকলেই ডাকা হচ্ছে শুনানি পর্বে। কচি থেকে বয়স্ক সকলের ডাক পরেছে শুনানিতে। শুনানি পর্বে অসুস্থ বয়স্কদের ডাক পাঠানো নিয়ে একাধিক সবর হয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে এই নিয়ে একাধিকবার চিঠি লিখেছেন। এবার এই বিষয়ে রাস্তায় নামল সাধারণ মানুষ।
দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট, পোলবা এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের সামনেও গর্জে ওঠে বিক্ষোভকারীরা । অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া দেভোগ গ্রাম পঞ্চায়েতে মনোহরপুরের ২৬৯ নম্বর বুথের ১২৪৮ ভোটারের মধ্যে প্রায় ৬৫০ জন ভোটারকেই শুনানি পর্বে ডাকা হয়েছে। এর মধ্যে ৬৩০ জন সংখ্যালঘু। এই ঘটনায় সবর হয়েছে স্থানীয়রা।
মুসলিম হওয়ার কারণে হেনস্থা করার অভিযোগ তুলছে আন্দোলনকারীরা । একজন বলেন, “বেছে বেছে মুসলিমদেরই শুনানির নামে হেনস্তা করা হচ্ছে। সেদিন শুনানি কেন্দ্রে গিয়েছিলাম। মাত্র ২ জন হিন্দুকে ডাকা হয়েছে। বাকি সবাই মুসলিম।” তাদের হুঁশিয়ারি, অবিলম্বে কমিশন পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলেনে নামবে তারা ।







