নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গুর সভার রেশ কাটতে না কাটতেই ফের সিঙ্গুরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর জল্পনা। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুরে প্রশাসনিক সভা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকেই একাধিক নতুন প্রকল্প ঘোষণার পাশাপাশি আরও ১৬ লক্ষ পরিবারকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় আনার ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী—এমনই ইঙ্গিত প্রশাসনিক সূত্রে।
নবান্ন সূত্রের খবর, এই দফায় ১৬ লক্ষ পরিবারকে পাকা বাড়ি করে দিতে রাজ্য সরকারের খরচ হতে পারে প্রায় ১৯ হাজার কোটিরও বেশি টাকা। মুখ্যমন্ত্রী সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরির অর্থ দেওয়ার কথা ঘোষণা করতে পারেন বলে জানা যাচ্ছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘোষণাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা থেকে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁর বক্তব্যে উঠে আসে ‘সিন্ডিকেট ট্যাক্স’, ‘মাফিয়ারাজ’ ও আইন-শৃঙ্খলার প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন,
“আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই শিল্প ও বিনিয়োগ বাংলায় আসবে। এটা মোদীর গ্যারান্টি।”
তিনি আরও দাবি করেন, বিজেপিকে একটি ভোট দিলেই হিংসার অবসান হবে, ফিরবে আইন-শৃঙ্খলা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে।
ওই দিন সিঙ্গুর থেকেই প্রধানমন্ত্রী ৮৩০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। একাধিক নতুন রেল প্রকল্প এবং ট্রেন পরিষেবারও সূচনা হয়।
তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—১৭ বছর পর সিঙ্গুরে দাঁড়িয়েও শিল্প নিয়ে আলাদা কোনও স্পষ্ট বার্তা দেননি প্রধানমন্ত্রী। এই বিষয়টি নিয়েই শুরু হয়েছে চাপানউতোর। কারণ এক সময় এই সিঙ্গুর থেকেই শিল্পায়নের বিরোধিতাকে সামনে রেখে পরিবর্তনের রূপরেখা এঁকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে হওয়া আন্দোলনের জেরেই শেষ পর্যন্ত টাটাদের সিঙ্গুর ছাড়তে হয়েছিল।
এখন রাজনৈতিক মহলের নজর—মোদীর সভার পর সিঙ্গুরে গিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন। শিল্প, উন্নয়ন ও সামাজিক প্রকল্প—সব মিলিয়ে সিঙ্গুর ফের বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।







