রাজনীতি

“আমাকে বের করে দেখাক! মুর্শিদাবাদে ২০ থেকে ১০-এ নামাব ভোট”— খোলা চ্যালেঞ্জ হুমায়ুনের

দলনেত্রীর পর এবার সরাসরি দলকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ভাইফোঁটার এক অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিস্ফোরক মন্তব্যে ফের বিতর্কের কেন্দ্রে তিনি।

গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একসঙ্গে আক্রমণ করে বলেছিলেন, “সবাই উত্তরবঙ্গে দৌড়ে যায়, মুর্শিদাবাদের গঙ্গাভাঙন নিয়ে কারও মাথাব্যথা নেই।” এবার আরও এক ধাপ এগিয়ে দলীয় নেতৃত্বের দিকেই নিশানা করলেন ভরতপুরের ‘বিদ্রোহী’ বিধায়ক।

হুমায়ুনের অভিযোগ, “২০২৩ সাল থেকে বলছি দু’জন ব্লক সভাপতি বদলাও। চিঠি দিয়েছি, অনুরোধ করেছি। কিন্তু কেউ শোনেনি।”
এরপরই তৃণমূলের জেলা নেতৃত্বকে তুলোধোনা করে সোজাসুজি নাম ধরে আক্রমণ, “যারা বালির ঘাট থেকে তোলাবাজি করছে, পুলিশের সঙ্গে ভাগ বসাচ্ছে, তারাই এখন নেতা হয়ে বসে আছে!”

বালির দাম থেকে পুলিশের ‘জুলুম’, ক্যান্টিনে পণ্য বিক্রি— একের পর এক অভিযোগ তুলে হুমায়ুন বলেন, “এক লরি বালি যেখানে ৪০ হাজারে পাওয়া উচিত, সেখানে দিতে হচ্ছে ৫০ হাজার! কেন? এই অন্যায় আমি মেনে নেব না।”

এরপরই স্পষ্ট হুঁশিয়ারি, “আমাকে যদি অসম্মান করো, আমি দু’টো সিটে দাঁড়াব। জিতে দেখাব কার সঙ্গে মানুষ আছে।”
জেলা নেতৃত্বকে আক্রমণ করে তৃণমূলের ভেতরের চিত্র সামনে টেনে আনেন তিনি— “এই ভীষ্ম, অপূর্ব সরকার, নিয়ামত হাজি, খলিলুর রহমান— এরা নাকি নেতা! বাকিরা তেজপাতা— তরকারিতে দিলে গন্ধ আসে, কিন্তু খাওয়ার নয়!”

নেতাদের পারিবারিক পটভূমি টেনে একের পর এক কটাক্ষও করেন হুমায়ুন— “ফতেমা মহিলা নেত্রী, তার বর ভোটে ঘুষি খেয়ে হাসপাতালে ভর্তি— সে নেত্রী! কাউসারের বাবা আজও কংগ্রেস করে— সে নেতা!”

শেষে খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিধায়ক, “এইসব নেতাদের ছবি টাঙিয়ে ভোটে নামুক, আমি একা নামব— দেখা যাক কার কত দম আছে!”

দল যদি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়? হুমায়ুনের সাফ কথা, “বেরিয়ে তো যেতে চাই! বের করে দিক, তারপর বোঝাব এই জেলায় ভোট কেমন হয়!”
আরও এক ধাপ এগিয়ে বলেন, “আমাকে দল থেকে বের করে দেখাক না! মুর্শিদাবাদে আসন সংখ্যা ২০ থেকে ১০-এ নামাব।”

২০২১ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে হুমায়ুনের দাবি, “এই জেলায় ২২টির মধ্যে ২০টি আসনে আমরা জিতেছিলাম। দিদি তো ছিলেনই, আমিও ছিলাম।”

তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সংগঠনের অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত হুমায়ুনের এমন প্রকাশ্য আক্রমণে দলজুড়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য।
এখন নজর শীর্ষ নেতৃত্বের দিকে— দল কি এই বিস্ফোরক মন্তব্যের জবাব দেয়, নাকি নীরবতাই বেছে নেয়?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.