রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে ফের নতুন বিতর্ক। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির এসএসসি পরীক্ষায় অংশ নিয়েও ফলাফলে ‘অনুপস্থিত’ দেখানো হয়েছে বোলপুর সংশোধনাগারে বিচারাধীন চাকরিপ্রার্থী আব্দুল সাত্তারকে। ফলে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছেন তিনি। আগামী সোমবার বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করবেন তাঁর আইনজীবী ফিরদৌস শামিম।
আইনজীবীর প্রশ্ন, “হাই কোর্টের নির্দেশে আব্দুল পরীক্ষায় বসেছেন, রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছিল উত্তরপত্র নির্দিষ্ট লক নম্বর-সহ পাঠানো হয়েছে। তা সত্ত্বেও ফলাফলে তাঁকে অনুপস্থিত দেখানো হলো কেন? তাহলে পরীক্ষা বসল কে?” — এই প্রশ্নেই স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে উঠেছে বড় প্রশ্নচিহ্ন।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রাজ্যের সরকারি স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। ৫৪ দিন পর সেই ফল প্রকাশিত হয়। মোট ১২,৫১৪টি শূন্যপদের জন্য আবেদন করেছিলেন প্রায় ২ লক্ষ ৪৬ হাজার প্রার্থী।
তবে, নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত। অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলার রায় না আসা পর্যন্ত নিয়োগ শুরু করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১২ নভেম্বর সেই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত। তার মধ্যেই আব্দুল সাত্তারকে ‘অনুপস্থিত’ দেখানোর ঘটনায় ফের ঘনীভূত হচ্ছে বিতর্ক।
আইনজীবী ফিরদৌস শামিমের অভিযোগ, “একজন বিচারাধীন বন্দি আদালতের অনুমতি নিয়ে পরীক্ষা দিচ্ছেন— এটি নথিভুক্ত। তবুও তাঁকে অনুপস্থিত দেখানো প্রমাণ করে, এসএসসি পরীক্ষাপদ্ধতির স্বচ্ছতা নিয়েই এখন প্রশ্ন উঠছে।”
এই ঘটনা রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে।







