মানসিক অবসাদের রোগী বর্তমানে প্রায় প্রত্যেকটি মানুষ। সকলেই এখনকার প্রতিযোগিতার দৌড়ে কিছু না কিছু নিয়ে অবসাদে ভুগছেন। তাই সেই সময় দাঁড়িয়ে মানসিক স্বাস্থ্যটা প্রত্যেকটি মানুষের প্রথম অগ্রাধিকার পাওয়া উচিত। এমনকি সম্প্রতি সময় বহু শিল্পীদের এই মানসিক অবসাদের জন্যই আত্মহরণের পথ বেছে নিতে দেখা গিয়েছে। এবার বাংলার চলচ্চিত্র তারকাদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে এসএসকেএম হাসপাতালকে সঙ্গে নিয়ে এক অভিনব পদক্ষেপ নিল টলিউডের টেকনিশিয়ান ফেডারেশন।
বলিউড থেকে শুরু করে টলিউডের বহু কলাকুশলী নিজেদের জীবন শেষ করে দিয়েছে। মানসিক অবসাদে ভুগছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় শোরগোল চলেছিল দীপিকা পাড়ুকোনকে নিয়ে। এছাড়াও বাংলা থেকে এই মানসিক চাপের মতো অসুরের জন্য হারিয়ে গেছে প্রত্যুষা, জিয়া খান থেকে শুরু করে হালে, বাংলার চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত গুইনের মতো গুণী শিল্পীরা। তাই এবার সেই মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতেই এক অভিনব নতুন উদ্যোগ নিল টেকনিশিয়ান ফেডারেশনের সংগঠন। সেই ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এসএসকেএম হাসপাতালের সাইকায়াট্রির ডিপার্টমেন্ট। সেই উদ্যোগের ঘোষণার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নীলাঞ্জনা শর্মা, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অন্নপূর্ণা বসু, নিসপাল সিং রানে, পাভেল, রাহুল মুখোপাধ্যায় সহ আরো অনেকে। এই হাসপাতালের পক্ষ থেকে সব মাসে ৩ দিন ফেডারেশনে বসবে একজন মনোরোগ বিশেষজ্ঞ। পাশাপাশি প্রয়োজন পরলে হাসপাতালে তত্ত্বাবধানে চলবে তাদের চিকিৎসা।
এ প্রসঙ্গে স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, “আমরা আমাদের বহু সহকর্মীকে অকালে হারিয়েছি। তাঁরা মানসিক চাপের কাছে নতিস্বীকার করে তাঁদের অমূল্য জীবন শেষ করে দিয়েছেন। এই সমস্যা শুধুমাত্র কলাকুশলীদের নয়। আমাদের অনেক প্রিয় শিল্পীও মানসিক অবসাদে নিজেদের জীবন শেষ করে দিয়েছেন। আজ যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে এস.এস.কে.এম. (পিজি) হাসপাতালের ডিরেক্টর ও ইনস্টিটিউট অফ সাইকায়াট্রি কর্তৃপক্ষ টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সকল কলাকুশলী ও শিল্পীদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করার অঙ্গীকার করলেন, তাতে আমরা কৃতজ্ঞ। আশা করি আমরা শিল্পী ও কলাকুশলীদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারব। আর এই বিষয় সবটাই গোপন থাকবে।”







