২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যে ৪৮ দলের হবে, সেই ঘোষণা অনেক আগেই হয়ে গিয়েছিল। এরই মধ্যে বিশ্বকাপের ড্র-ও অনুষ্ঠিত হয়েছে, যেখানে জানা গেছে কোন দল কার মুখোমুখি হবে। তবে এই ঘোষণার পরই ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার থিয়েরি অঁরি একটি ৪৯তম দলের নাম ঘোষণা করে ফুটবল সমর্থকদের মধ্যে বড় ধরনের কৌতূহল সৃষ্টি করেছেন। অঁরি কি তবে নিজের একটি দল নিয়ে আসছেন? বা শেষ মুহূর্তে ফিফা কি ম্যাচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল? সোশ্যাল মিডিয়ায় এই ধরনের নানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে।
গত ৬ ডিসেম্বর একটি গাড়ি প্রস্তুতকারী সংস্থা (কিয়া) একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, স্বয়ং থিয়েরি অঁরি বিশ্বকাপের ড্র পরিচালনা করছেন। ফিফা আয়োজিত মূল ড্র অনুষ্ঠানের মতোই একই ধরনের ছোট বল ও কার্ড ব্যবহার করা হচ্ছিল। অঁরি একে একে ৪৮টি দলের নাম ঘোষণা করার পর শেষ বলটি খোলেন এবং ক্যামেরার দিকে দেখান—সেখানে লেখা ছিল ‘৪৯তম দল’। এই দৃশ্য দেখে সমর্থকরা হতবাক হন। শেষ মুহূর্তে সূচিতে বদল এনে কি একটি দল বাড়ানো হচ্ছে, এই জল্পনা শুরু হয়।
তবে পরে জানা যায়, এই ৪৯তম দল কোনো সত্যিকারের ফুটবল দল নয়। এটি আসলে গাড়ি প্রস্তুতকারী সংস্থাটির বিশ্বকাপ ক্যাম্পেইনের অফিসিয়াল শিরোনাম। ৪৯তম দল বলতে সংস্থাটি বল বয়দের লড়াই, দক্ষতা এবং নিঃস্বার্থ অবদানকে তুলে ধরে সম্মান জানাচ্ছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বকাপজুড়ে মাঠের পাশে থাকা বল বয়দের বিভিন্ন অনুপ্রেরণামূলক গল্প এবং তাদের কঠোর পরিশ্রমের দিকটি তুলে ধরা হবে। তাই শেষ পর্যন্ত বিশ্বকাপের দল সংখ্যা ৪৮-এই স্থির থাকছে, কিন্তু ৪৯তম দল হিসেবে স্বীকৃতি পেলেন সেই সমস্ত তরুণরা, যারা নীরবে ফুটবল ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে।







