কলকাতাখেলাধুলা

মেসির অনুষ্ঠানে ধুন্ধুমার কাণ্ড: রাজ্যে বেনজির পদক্ষেপ, শোকজ করা হলো ডিজি রাজীব কুমারকে! সাসপেন্ড ডিসি

লিওনেল মেসির কলকাতা সফরের সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে যে চরম বিশৃঙ্খলা, ভাঙচুর ও অব্যবস্থাপনা দেখা গিয়েছিল, তার জের এবার পড়ল রাজ্যের উচ্চপদস্থ কর্তাদের ওপর। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার পরেই রাজ্য সরকার একগুচ্ছ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিল। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে সরাসরি রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার মুকেশ কুমারকেও। শুধু পুলিশ প্রশাসন নয়, যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাকেও এই ঘটনায় শোকজ নোটিস পাঠানো হয়েছে।

তবে এই কড়াকড়ি শুধু শোকজে থেমে নেই। সরাসরি দায়িত্বে গাফিলতির অভিযোগে বিধাননগরের ডেপুটি কমিশনার (ডিসি) অনীশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, বরখাস্ত করা হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকেও। তদন্ত কমিটির সুপারিশ মেনেই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠন করেছে রাজ্য সরকার।
ঘটনার দিন আর্জেন্টাইন মহাতারকা মাঠ ছাড়ার পরই গ্যালারি থেকে বোতল ছোড়া, ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে উন্মত্ত জনতার তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এই বিশৃঙ্খলায় বিরক্ত হয়ে মেসি দ্রুত কলকাতা ছেড়ে চলে যান। এই ঘটনায় রাজ্যের মুখ বিশ্বজুড়ে খারাপ হওয়ায় মুখ্যমন্ত্রী নিজে ক্ষমাপ্রার্থনা করেছিলেন এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

প্রশাসনের এই কঠোর পদক্ষেপ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, এত বড় আন্তর্জাতিক ইভেন্টে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে সামান্যতম ত্রুটিও এবার সরকার বরদাস্ত করতে রাজি নয়। ফুটবল তারকার সফরকে ঘিরে সৃষ্ট এই কেলেঙ্কারি যে রাজ্যের উচ্চ প্রশাসনিক স্তরেও বড়সড় রদবদল ঘটিয়েছে, তা এই পদক্ষেপগুলো থেকেই বোঝা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.