পৌষমেলা ঘিরে উন্মাদনার শুরু স্টল বুকিংয়ের প্রথম দিনেই। রাজ্য সরকার, জেলা প্রশাসন ও বিশ্বভারতী কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে শুরু হয়েছে পৌষমেলার অনলাইন স্টল বুকিং। প্রথম দিনেই বিপুল সাড়া মিলেছে। বিশ্বভারতী সূত্রে খবর, প্রথম দিনেই ছ’শোর বেশি স্টল অনলাইনে বুকিং করেছেন হস্তশিল্পী ও ব্যবসায়ীরা। তবে সেই সঙ্গে ওয়েবসাইট সংক্রান্ত প্রযুক্তিগত বিভ্রাট ঘিরে অসন্তোষও সামনে এসেছে একাংশের।
বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালে যাঁরা পৌষমেলায় অংশ নিয়েছিলেন, তাঁদের জন্য প্রথম তিন দিন স্টল বুকিংয়ের বিশেষ সুযোগ রাখা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর সকাল ১১টা ২৯ মিনিট পর্যন্ত এই পর্যায় চলবে। এরপর পরবর্তী দু’দিন সর্বসাধারণের জন্য স্টল বুকিং খুলে দেওয়া হবে। চলতি বছরে প্রায় দু’হাজার স্টল বুকিং হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট।
সোমবার সকাল থেকেই হস্তশিল্পী ও ব্যবসায়ীরা মোবাইল ফোন ও ইন্টারনেট ক্যাফের মাধ্যমে নাম, প্যান নম্বর ও মোবাইল নম্বর দিয়ে অনলাইনে লগইন করে বুকিং শুরু করেন। জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত ও ভিনরাজ্য থেকেও বুকিং হয়েছে। তবে অনলাইনে স্টল ম্যাপে নাম না দেখা যাওয়ার অভিযোগ তুলেছেন অনেকে। বোলপুরের ব্যবসায়ী রবি মুর্মু ও অনিতা সাউয়ের অভিযোগ, “গত বছর স্টল থাকা সত্ত্বেও এ বার অনলাইনে নাম উঠছে না।”
এ বিষয়ে বিশ্বভারতীর স্টল বণ্টন উপ-সমিতি জানিয়েছে, আইআইটি খড়গপুরের সহায়তায় ওয়েবসাইটটি তৈরি হয়েছে এবং স্বচ্ছতা বজায় রাখতেই কড়া নজরদারি চলছে। জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে।
হস্তশিল্পী সমিতির সম্পাদক আমিনুল হুদার মতে, “প্রথম দিন এত বড় পরিসরে কাজ শুরু হলে কিছু টেকনিক্যাল সমস্যা থাকতেই পারে। দ্রুত তা সমাধান হবে।” যদিও অনেক হস্তশিল্পী অনলাইন ব্যবস্থাকে স্বচ্ছ ও সহজ বলেও প্রশংসা করেছেন।
পৌষমেলার স্টল বুকিং ঘিরে উৎসাহ ও অভিযোগ—দু’টিই এখন শান্তিনিকেতনের আলোচনার কেন্দ্রে।







