খেলাধুলা

মাঠের ভেতর দর্শক, দেরিতে খেলা শুরু: এএফসি-র শাস্তির মুখে এবার ভারত ও এফসি গোয়া!

দেশের ঘরোয়া মরশুম শুরু হলেও আইএসএল বা আই লিগ নিয়ে এখনও চূড়ান্ত ধোঁয়াশা কাটেনি। এর মাঝেই এএফসি-র ডিসিপ্লিনারি কমিটি জোড়া ধাক্কা দিল ভারতীয় ফুটবলকে। একদিকে মাঠের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হওয়ার দায়ে শাস্তি পেল এফসি গোয়া, অন্যদিকে অদ্ভুত এক কারণে জরিমানা গুনতে হচ্ছে ফেডারেশনকে।

২ অক্টোবর গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে যখন ‘আল নাসের’-এর মতো বড় দলের বিরুদ্ধে এফসি গোয়া মাঠে নেমেছিল, তখন গোটা দেশের নজর ছিল সেই ম্যাচের দিকে। কিন্তু ম্যাচ চলাকালীনই এক অতিউৎসাহী সমর্থক নিরাপত্তার বেষ্টনী টপকে সোজা মাঠে ঢুকে পড়েন। যদিও বড় কোনো অঘটন ঘটেনি, কিন্তু এএফসি একে মোটেও হালকাভাবে নেয়নি। তাদের সাফ কথা, মাঠের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা আয়োজক ক্লাবের দায়িত্ব। এই ত্রুটির জন্য এফসি গোয়াকে ৫ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪.৫ লক্ষ টাকা) জরিমানা করা হয়েছে।

এছাড়াও গত ১৮ নভেম্বর এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ঢাকায় মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। সাধারণত বিরতির পর নির্দিষ্ট সময়ে দুই দলের মাঠে নামার কথা থাকে। কিন্তু সেদিন ভারত আর বাংলাদেশ দুই দলই নির্ধারিত সময়ের চেয়ে মাত্র ১ মিনিট ৪৩ সেকেন্ড দেরিতে মাঠে নেমেছিল। সময়টা খুব সামান্য মনে হলেও এএফসি-র কড়া নিয়মে এটিও অপরাধ। এই গাফিলতির জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ১ হাজার মার্কিন ডলার (প্রায় ৯০ হাজার টাকা) এবং আয়োজক বাংলাদেশকে ১,২৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে এই জরিমানার সব টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে এএফসি। ভারতীয় ফুটবলের এই টালমাটাল অবস্থায় এমন খবর সমর্থকদের জন্য মোটেও সুখকর নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.