ফের বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুদের একাংশ। এখনো পর্যন্ত দীপু দাসের মৃত্যুর রেশ কাটেনি। তার মধ্যেই সংখ্যালঘু নাগরিকের প্রাণ গেল উন্মত্ত জনতার হিংসায়। শরিয়তপুর জেলার বাসিন্দা বছর পঞ্চাশের খোকন দাস ৪দিন মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
৩১ শে ডিসেম্বর এই ঘটনাটি ঘটেছে। শরিয়তপুর জেলার তিলোই গ্রামে নিজের ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন খোকন দাস। সেই সময় আচমকাই তাঁকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। অভিযোগ, প্রথমে তাঁকে বেধড়ক মারধর করে, ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। এরপর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। হামলার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
প্রাণ বাঁচাতে গুরুতর দগ্ধ অবস্থায় খোকন পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই ৪দিন চিকিৎসাধীন থাকার পরেও শেষ রক্ষা করা যায়নি।
খোকন দাসের স্ত্রী সীমা দাস দাবি করেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোকন হামলায় জড়িত ২ জনকে চিহ্নিত করেছিলেন। তবে এখনও পর্যন্ত সব অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি বলে অভিযোগ পরিবারের।
পরপর সংখ্যালঘু নাগরিকদের উপর এই নৃশংস হামলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন।







