খেলাধুলা

দুরন্ত ফর্মেও সুযোগ নেই! নিউজিল্যান্ড সিরিজের শামি–ঈশান বাদ পড়ায় সোশ্যাল মিডিয়ায় ঝড়

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলতি বছর অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। সেই মহারণের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্টেডিয়াম সংস্কার থেকে শুরু করে শক্তিশালী স্কোয়াড গঠন— সব দিকেই নজর রয়েছে বোর্ডের। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামবে ব্লু ব্রিগেড।

বিশ্বকাপের আগে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তার আগেই রয়েছে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের গুরুত্বপূর্ণ ওডিআই সিরিজ। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা এই একদিনের সিরিজের জন্য শুক্রবার ভারতীয় দল ঘোষণা করেছেন নির্বাচকরা। তবে সেই দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

চোট সারিয়ে ওডিআই দলে ফিরেছেন শুভমান গিল ও শ্রেয়স আইয়ার। দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে, সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন শ্রেয়স আইয়ার। কিন্তু দল ঘোষণার পরই চোখে পড়েছে একাধিক উল্লেখযোগ্য নামের অনুপস্থিতি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে সুযোগ পেয়ে দুরন্ত শতরান করেছিলেন রুতুরাজ গায়কোয়াড। তবুও নিউজিল্যান্ড সিরিজে তাঁকে দলে রাখা হয়নি। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা বাংলার তারকা মহম্মদ শামিকেও ব্রাত্য রাখা হয়েছে। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সাত ম্যাচে ১৬ উইকেট এবং চলতি বিজয় হাজারে ট্রফিতে পাঁচ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন শামি।

এছাড়াও সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ১০ ম্যাচে ৫১৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া ঈশান কিষাণেরও জায়গা হয়নি ভারতীয় ওডিআই স্কোয়াডে।

এই দল নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এক নেটিজেন লেখেন, “আজকের দল নির্বাচন দেখে মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে মহম্মদ শামির অধ্যায় শেষ করে দেওয়া হয়েছে।” আরেকজনের মন্তব্য, “ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের কোনও মূল্য নেই— শামি, রুতুরাজ, ঈশানের মতো ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন না।” অনেকেই নির্বাচক প্রধান অজিত আগরকরের দিকে আঙুল তুলে অভিযোগ করছেন, “পারফরম্যান্স নয়, পছন্দের ক্রিকেটার বাছাই হচ্ছে।”

বিশ্বকাপের আগে এমন বিতর্কিত দল নির্বাচন ভারতীয় ক্রিকেটে নতুন করে প্রশ্ন তুলে দিল— আদৌ কি ঘরোয়া পারফরম্যান্সের যথাযথ মূল্যায়ন হচ্ছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.