খেলাধুলা

ইন্দোনেশিয়া মাস্টার্সে হতাশা ভারতের, কোয়ার্টার ফাইনালেই বিদায় সিন্ধু ও লক্ষ্য

জাকার্তা: ব্যাডমিন্টনে দিনটা মোটেই ভাল গেল না ভারতীয় তারকাদের। ইন্দোনেশিয়া মাস্টার্স ৫০০ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল পিভি সিন্ধু ও লক্ষ্য সেন—দু’জনেই স্ট্রেট গেমে পরাজিত হলেন।

মহিলাদের সিঙ্গলসে শীর্ষবাছাই চিনের চেন ইউ ফেইয়ের বিরুদ্ধে প্রথম গেমেই লড়াই জমাতে ব্যর্থ হন সিন্ধু। শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলেন চেন। ১৩-২১ পয়েন্টে প্রথম গেম হারেন ভারতীয় তারকা।

দ্বিতীয় গেমে শুরুটা ভাল করেছিলেন সিন্ধু। কিছু সময় এগিয়েও যান তিনি। তবে সেই লিড ধরে রাখতে পারেননি। গেমের মাঝামাঝি সময়ে দু’টি রিভিউ নষ্ট হওয়ার পর আরও একটি সিদ্ধান্ত তাঁর বিরুদ্ধে যায়। তখন আর রিভিউ না থাকায় চেয়ার আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানান সিন্ধু। প্রথমে তাঁকে হলুদ কার্ড দেখানো হয়। প্রতিবাদ চলতে থাকায় পরে লাল কার্ডও দেখান আম্পায়ার। পরিস্থিতি সামলাতে কোর্টে নামেন ম্যাচ রেফারি। তিনি সিন্ধুকে শান্ত করেন এবং লাল কার্ড প্রত্যাহার করে নেওয়া হয়।

তখন ১২-১৭ পয়েন্টে পিছিয়ে ছিলেন সিন্ধু। এরপর আক্রমণাত্মক খেলায় ফেরেন তিনি। একসময় ব্যবধান কমিয়ে ১৭-১৮ করেন। কিন্তু অভিজ্ঞ চেন চাপ সামলে ১৭-২১ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে ম্যাচ নিজেদের করে নেন।

অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে হতাশ করলেন লক্ষ্য সেন। কোয়ার্টার ফাইনালে তাইল্যান্ডের পানিতচাপন তিরারাতসাকুলের কাছে স্ট্রেট গেমে হারেন লক্ষ্য (১৮-২১, ২০-২২)। সপ্তম বাছাই লক্ষ্য বিশ্বের ১২ নম্বর খেলোয়াড় হলেও, র‌্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে রক্ষণাত্মক কৌশল তাঁকে ভোগাল। গোটা ম্যাচে আক্রমণের অভাব স্পষ্ট ছিল। টানটান দ্বিতীয় গেমেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।

ফলে ইন্দোনেশিয়া মাস্টার্সে সেমিফাইনালের আগেই শেষ হল ভারতের দুই তারকার অভিযান। আরও এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় হতাশা নিয়ে ফিরতে হচ্ছে ভারতীয় শিবিরকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.