পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানালেন আরএন রবি। শপথ নেওয়ার পর তাঁর প্রথম বার্তাতেই উঠে এল ‘দুর্গানাম’ যে নাম স্মরণ করেই বিদায় নিয়েছিলেন প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
বৃহস্পতিবার লোকভবনে পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন আরএন রবি। দায়িত্ব গ্রহণের পর তিনি বাংলার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে স্মরণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু, রামকৃষ্ণ পরমহংস, চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের। তাঁর বক্তব্যে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতি গভীর শ্রদ্ধা স্পষ্টভাবে ধরা পরে। অন্যদিকে দায়িত্ব নেওয়ার দিনই সন্ধ্যায় দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরে পুজো দিতে যান আরএন রবি। সেই মুহূর্তের ছবি রাজভবনের এক্স হ্যান্ডেল থেকে একটি বার্তা প্রকাশ করা হয়। দায়িত্বের শুরুতেই আধ্যাত্মিকতার ছোঁয়া ও বাংলার ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে বার্তা দিলেন নতুন রাজ্যপাল।যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।
এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেল বাংলার নবাগত রাজ্যপাল আরএন রবি লিখেছেন, ‘আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে জ্ঞান ও শক্তি দেন, যাতে আমি এই মহান বাংলার মানুষের সেবা সর্বান্তকরণে ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার সুযোগ লাভ করা আমার কাছে এক মহান দায়িত্ব ও গৌরবের বিষয়। সহস্রাব্দ ধরে এই মহান ভূমি ভারতের আধ্যাত্মিক, বৌদ্ধিক ও সাংস্কৃতিক জাগরণের এক উজ্জ্বল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। এই সেই পবিত্র ভূমি, যেখানে হাজার হাজার বছর আগে বেদের চিরন্তন জ্ঞান বিকশিত হয়েছে। এই ভূমিতেই গৌতম বুদ্ধের শিক্ষা নতুনভাবে প্রকাশ পেয়েছে। এখানেই ভক্তি আন্দোলনের মহান ধারা বিকশিত হয়েছে এবং এখান থেকেই ভারতের স্বাধীনতা আন্দোলন শক্তি ও প্রেরণা পেয়েছে। বিদেশি আক্রমণ ও শাসনের এক কঠিন সময়ে, যখন আমাদের সংস্কৃতি ও পরিচয় ধ্বংস করার চেষ্টা চলছিল, তখন এই বাংলার মাটিই জন্ম দিয়েছে অসংখ্য মহান ব্যক্তি ও মহাপুরুষকে। তাঁদের মধ্যে আছেন শ্রীচৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- যাঁর রচিত ‘বন্দে মাতরম্’ আমাদের স্বাধীনতা আন্দোলনের যুদ্ধধ্বনি হয়ে উঠেছিল। আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিপ্লবী আধ্যাত্মিক নেতা শ্রী অরবিন্দ এবং মহান বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি-তিনি যেন আমাকে জ্ঞান ও শক্তি দেন, যাতে আমি এই মহান বাংলার মানুষের সেবা সর্বান্তকরণে ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।’







