বিধানসভা ভোটের আগে রাজ্যে নজিরবিহীন পুলিশ রদবদল করল নির্বাচন কমিশন। নবান্নের বাইরে দাঁড়িয়েও এত বড় পরিসরের বদলি আগে হয়নি বলে দাবি প্রশাসনিক মহলের। কমিশনের নির্দেশে কলকাতা পুলিশসহ গোটা রাজ্যে ১৭০-র বেশি থানার ওসি ও আইসি-কে সরিয়ে নতুন অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু কলকাতাতেই ৩১টি থানার নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে।
বদলির তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কেন্দ্র ভবানীপুর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরীর কেন্দ্র বহরমপুরও। ভবানীপুর থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব পেলেন এসটিএফের অফিসার সৌমিত্র বসু। নন্দীগ্রামে আইসি করা হয়েছে শুভব্রত নাথকে। চন্দননগর কমিশনারেট থেকে শুভাশিস ঘোষকে এনে বহরমপুর থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
চিঠিতে মুখ্যসচিবকে কমিশন স্পষ্ট জানিয়েছে, রাজ্যের পাঠানো প্রস্তাব খতিয়ে দেখে এই বৃহৎ ট্রান্সফার তালিকায় সবুজ সংকেত দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, নতুন অফিসারদের অবিলম্বে চার্জ নিতে হবে।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—প্রায় সব জেলাতেই বড়সড় রদবদল হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া—সব জেলাতেই একাধিক থানার ইনচার্জ বদল করা হয়েছে। দীর্ঘদিন একই জেলায় থাকা অফিসারদের অন্যত্র পাঠানো হয়েছে, আবার সাইবার ক্রাইম, ট্রাফিক বা বিশেষ শাখা থেকে বহু অফিসারকে সরাসরি থানার নেতৃত্বে আনা হয়েছে।
রদবদলের প্রভাব পড়েছে কলকাতা পুলিশেও। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত অফিসারদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, যা ভোটের আগে নিরাপত্তা বলয় আরও দৃঢ় করার ইঙ্গিত দিচ্ছে।
ভোটের আগে প্রশাসনকে নিরপেক্ষ ও অরাজনৈতিক রাখতেই কমিশন সাধারণত বদলি করে থাকে। তবে এবারের রদবদলের পরিমাণ এবং গতি—দু’টিই অভূতপূর্ব। প্রশাসনিক মহলের বিশ্লেষণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা এবং স্বচ্ছ, নির্বিঘ্ন ভোট প্রক্রিয়া নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ।







