নিজস্ব প্রতিবেদন, কলকাতা:
পয়লা বৈশাখে তীব্র গরমে নাজেহাল শহরবাসীর জন্য অবশেষে স্বস্তির বার্তা। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশে ঢেকেছে কলকাতা ও আশপাশের এলাকা। কোথাও কোথাও কালো মেঘে অন্ধকার নেমে এসেছে সকালেই, যা ইঙ্গিত দিচ্ছে আসন্ন ঝড়-বৃষ্টির।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় বজ্রগর্ভ মেঘের প্রভাবে এই আবহাওয়া পরিবর্তন হচ্ছে বলে জানানো হয়েছে।
আবহবিদদের মতে, গত সপ্তাহে বৃষ্টির পর দ্রুত তাপমাত্রা বৃদ্ধির জেরেই তৈরি হয়েছে এই বজ্রগর্ভ মেঘ। এর ফলেই আজকের এই অস্থির আবহাওয়া।
শুধু বৃষ্টিই নয়, একাধিক জেলায় জারি হয়েছে ঝড়ের সতর্কতাও। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
এছাড়াও রাজ্যের অন্যান্য জেলাতেও দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়ার এই পরিবর্তনের পিছনে রয়েছে একটি জটিল বায়ুমণ্ডলীয় পরিস্থিতি। উত্তর বাংলাদেশের উপর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও অসম অতিক্রম করছে। এর জেরেই রাজ্যজুড়ে অস্থির আবহাওয়ার সৃষ্টি হয়েছে।
ভোর থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ, মাঝে মধ্যে মেঘের গর্জন এবং হালকা বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়াবিদদের মতে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।
পরামর্শ:
ঝড়-বৃষ্টির সময় অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে।







