কলকাতা

৫ বছরে ১০০ কোটির সম্পত্তি? তদন্তে নামতেই হাইকোর্টে দৌড় অদিতি – দেবরাজের

আয় মাত্র কয়েক লক্ষ, অথচ সম্পত্তি প্রায় ১০০ কোটি! অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তীকে ঘিরে এবার বিস্ফোরক প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। আয় বহির্ভূত সম্পত্তি মামলায় আপাতত স্বস্তি মিললেও, আগাম জামিন পাননি এই দম্পতি। তবে আগামী ১৯ জুন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না পুলিশ বলে আদালতে আশ্বাস দিয়েছে রাজ্য।

শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে মামলার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল প্রশ্ন তোলেন, গত পাঁচ বছরে অদিতি মুন্সির ঘোষিত আয় যেখানে প্রায় ৪০ লক্ষ টাকার কিছু বেশি এবং দেবরাজ চক্রবর্তীর আয় প্রায় ৬৬ লক্ষ টাকা, সেখানে কীভাবে তাঁদের নামে প্রায় ১০০ কোটির সম্পত্তির হদিশ মিলছে? তদন্তকারীদের দাবি, এই বিপুল সম্পত্তির উৎস খতিয়ে দেখতেই তদন্ত এগোচ্ছে।

বাগুইআটি থানায় দায়ের হওয়া FIR নং ২০৭/২০২৬-কে কেন্দ্র করেই তৈরি হয়েছে গ্রেফতারির আশঙ্কা। সেই কারণেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। আদালতে তাঁদের পক্ষ থেকে আগাম জামিনের আবেদন করা হলেও, আপাতত সেই আবেদন মঞ্জুর হয়নি। তবে ১৯ জুন পর্যন্ত পুলিশকে কোনও কঠোর পদক্ষেপ না করার নির্দেশমূলক আশ্বাস দেওয়ায় সাময়িক স্বস্তি মিলেছে দম্পতির।

শুনানির সময় বিচারপতি জয় সেনগুপ্ত একটি তাৎপর্যপূর্ণ মন্তব্যও করেন। তিনি বলেন, “শাহজাহানের বিরুদ্ধে একসময় কোনও অভিযোগ ছিল না। ক্ষমতা সরতেই একের পর এক অভিযোগ সামনে আসছে।” বিচারপতির এই পর্যবেক্ষণ ঘিরে আদালত কক্ষে ব্যাপক চর্চা শুরু হয়।

এদিকে দেবরাজ চক্রবর্তীকে ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। বুধবার তাঁকে একটি পুরনো মামলায় আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর, ২০২১ সালে বিজেপি কর্মী প্রসেনজিৎ বিশ্বাসের মৃত্যুর পর যে ভোট-পরবর্তী অশান্তির অভিযোগ উঠেছিল, সেই মামলার সূত্র ধরেই তাঁকে জেরা করা হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। তাঁর ঘনিষ্ঠদের গ্রেফতারি এবং একাধিক পুরনো মামলার তদন্ত নতুন করে গতি পাওয়ায় রাজ্য রাজনীতিতে বাড়ছে চাপানউতোর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.