জেলা

জানতেনই না উপভোক্তারা! আবাসের টাকা উধাও, ডোমকলে দুর্নীতির অভিযোগ

মুর্শিদাবাদের ডোমকল পুরসভা এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘিরে নতুন করে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, উপভোক্তাদের অজান্তেই তাঁদের নামে আবাস যোজনার টাকা তোলা হয়েছে। সম্প্রতি পুরসভার পক্ষ থেকে তথ্য যাচাইয়ের সময় এই ঘটনা প্রকাশ্যে আসে বলে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে বিজেপি।

জানা গিয়েছে, ডোমকল পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে ২০১৭-১৮ অর্থবর্ষে আবাস যোজনার তালিকায় ২৫ জনের নাম ছিল। কিন্তু সংশ্লিষ্ট উপভোক্তাদের দাবি, তাঁরা কোনওদিন এই প্রকল্পের সুবিধা পাননি। এমনকি তাঁদের নামে ঘর অনুমোদিত হয়েছিল বা সরকারি অর্থ বরাদ্দ হয়েছিল, সে বিষয়েও তাঁরা কিছুই জানতেন না। অথচ সরকারি নথিতে তাঁদের নামে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই অভিযোগ সামনে আসার পর বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী সুজাতা মালাকারের নেতৃত্বে ক্ষতিগ্রস্তদের একটি প্রতিনিধি দল ডোমকলের মহকুমাশাসক (এসডিও)-এর কাছে স্মারকলিপি জমা দেয়। তাঁদের দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

এদিকে, ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আসরাফুল ইসলামের বিরুদ্ধেও কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন এক উপভোক্তা। তাঁর দাবি, আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা নেওয়া হয়েছিল। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন আসরাফুল ইসলাম। তাঁর বক্তব্য, অভিযোগের কোনও ভিত্তি নেই এবং সরকারি অর্থ কোন অ্যাকাউন্টে যাবে, তা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। জনপ্রতিনিধিদের এতে কোনও ভূমিকা থাকে না।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর স্থানীয় বাসিন্দাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.