দেশ

সোনম ওয়াংচুককে নিয়ে ফের উদ্বেগ মমতার, আলোচনার পথেই সমাধানের বার্তা

কয়েকদিন আগেই ফোন করে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের একবার তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। সামাজিক মাধ্যমে করা এক পোস্টে মমতা বলেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশ বা প্রতিবাদ করার অধিকারকে অবহেলা করা উচিত নয়। সরকারের দায়িত্ব হল সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা।

মমতার বক্তব্য, সোনম ওয়াংচুক কখনও সংঘর্ষের পথ অবলম্বন করেননি। তিনি বরাবরই আলোচনার মাধ্যমে সমাধানের আবেদন জানিয়ে এসেছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে সেই আবেদন গুরুত্ব পায়নি। তাঁর মতে, সরকারের উচিত সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য মনোযোগ দিয়ে শোনা এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া।

প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, শুধু সোনম ওয়াংচুক নন, দেশেরটি বহু তরুণ-তরুণীর দাবি-দাওয়াও দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। মানুষের মতামত ও উদ্বেগকে গুরুত্ব না দেওয়া কোনও সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির পরিচয় হতে পারে না। গণতন্ত্রে নাগরিকদের বক্তব্য শোনা এবং তার যথাযথ মূল্যায়ন করাই সরকারের অন্যতম দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

সোনম ওয়াংচুকের শারীরিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মমতা বলেন, প্রয়োজন হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেওয়া উচিত। চিকিৎসার ব্যয়ভার সাধারণ মানুষ বহন করতে চাইলে সেই সুযোগও দেওয়া দরকার। একজন মানুষের জীবন ও স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলেও তিনি মত প্রকাশ করেন।

মমতার দাবি, মানুষের আস্থা অর্জনের একমাত্র পথ হল স্বচ্ছতা, জবাবদিহি এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান দেখানো। শান্তিপূর্ণ আন্দোলন দমন করে বা আলোচনার পথ এড়িয়ে গিয়ে মানুষের বিশ্বাস অর্জন সম্ভব নয়। তাঁর মতে, সরকারের প্রতিটি পদক্ষেপে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন থাকা আবশ্যক।

পোস্টের শেষাংশে কেন্দ্রের সমালোচনাও করেন তিনি। মমতার বক্তব্য, যে সরকার ভিন্নমতকে গণতান্ত্রিক অধিকারের পরিবর্তে হুমকি হিসেবে দেখে, তারা জনগণের আস্থা দাবি করতে পারে না। জবাবদিহি এড়িয়ে যাওয়া কিংবা শান্তিপূর্ণ প্রতিবাদকে দমন করার মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা যায় না। বরং আলোচনার পরিবেশ বজায় রাখা, মতপ্রকাশের স্বাধীনতাকে মর্যাদা দেওয়া এবং প্রশাসনিক সিদ্ধান্তে স্বচ্ছতা নিশ্চিত করাই গণতন্ত্রকে সুদৃঢ় করার অন্যতম শর্ত।

প্রসঙ্গত, নিট পরীক্ষাকে ঘিরে বিতর্কের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন দিল্লির যন্তরমন্তরে আন্দোলন শুরু করে ‘ককরোচ’ নামে একটি সংগঠন। শুরু থেকেই সেই আন্দোলনের প্রতি সমর্থন জানান সোনম ওয়াংচুক। পরে তিনি ঘোষণা করেন, ২৭ জুনের মধ্যে প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্র কার্যকর পদক্ষেপ না নিলে তিনি অনশনে বসবেন। সরকারের পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া না মেলায় ২৮ জুন থেকে আমরণ অনশন শুরু করেন লাদাখের এই সমাজকর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.