কলকাতা

আজ থেকেই কলকাতা মেট্রোয় বড় বদল! ভোর ৬টা থেকে পরিষেবা, জেনে নিন শেষ ট্রেনের সময়

কলকাতার নিত্যযাত্রীদের জন্য সুখবর। সোমবার থেকে ব্লু ও গ্রিন লাইনে আরও দীর্ঘ সময় ধরে পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। নতুন সূচি অনুযায়ী, সোমবার থেকে শনিবার পর্যন্ত এই দুই লাইনে প্রথম মেট্রো ছাড়ছে ভোর ৬টায়, আর শেষ ট্রেন মিলবে রাত ১০টা ৩০ মিনিটে।

তবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথাও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শেষ ট্রেন রাত সাড়ে ১০টায় চললেও, স্টেশনের টিকিট কাউন্টার রাত ৯টা ২৫ মিনিটেই বন্ধ হয়ে যাবে। ফলে ওই সময়ের পর যাত্রীদের স্মার্ট কার্ড, কিউআর টিকিট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কেটে সফর করতে হবে।

রবিবারের সময়সূচিতে কিছুটা ভিন্নতা রয়েছে। সেদিন প্রথম মেট্রো চলবে সকাল ৯টা থেকে, তবে শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থেকে রাত ১০টা ৩০ মিনিট।

শুধু সময় নয়, যাত্রীদের চাপ সামলাতে ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত ব্লু লাইনে ১২টি এবং গ্রিন লাইনে ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। অন্যদিকে, রবিবার ব্লু লাইনে ৬টি ও গ্রিন লাইনে ৩টি অতিরিক্ত ট্রেন চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

এদিকে, রেল যাত্রীদের সুবিধায় হাওড়া স্টেশনে চালু হয়েছে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। প্রায় ৬৩৫ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মে একসঙ্গে ২৪ কোচের দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন দাঁড়াতে পারবে। রেল সূত্রের দাবি, প্রায় ₹২ কোটি ৬৯ লক্ষ ব্যয়ে তৈরি এই নতুন প্ল্যাটফর্ম ভবিষ্যতে ট্রেন চলাচল আরও সহজ ও দ্রুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

নতুন মেট্রো সূচি এবং হাওড়া স্টেশনের এই পরিকাঠামোগত উন্নয়ন মিলিয়ে শহর ও শহরতলির লক্ষ লক্ষ যাত্রীর দৈনন্দিন যাতায়াত আরও সুবিধাজনক হবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.