জেলা

পুকুরে লুকোনো অস্ত্র উদ্ধার, তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন মামলা, চোরাচালান যোগ খতিয়ে দেখছে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এক মামলায় গ্রেফতার হয়ে পুলিশি হেফাজতে থাকা তৃণমূল নেতা সুবিদ আলি ওরফে ঝোড়ো ঢালীর বিরুদ্ধে এবার আরও একটি নতুন মামলা দায়ের হয়েছে। তাঁর বাড়ির পাশের একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের পর তদন্তে নতুন মোড় এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত নিজেই পুকুরে অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। এরপর তাঁকে সঙ্গে নিয়ে গোসাবার পঠনখালী-গোপালকাটা এলাকায় তাঁর বাড়ির সংলগ্ন একটি পুকুরে তল্লাশি চালানো হয়। সেই অভিযানে উদ্ধার হয় একটি লম্বা বন্দুক, একটি ছোট আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড তাজা কার্তুজ।

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে গোসাবা থানার পুলিশ। এই ঘটনায় অস্ত্র আইনের ২৫(১)(বি) ধারায় নতুন করে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অস্ত্রগুলি কোথা থেকে এল, কী উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কোনও অস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই একটি পৃথক মামলায় সুবিদ আলি ওরফে ঝোড়ো ঢালীকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তিনি পুলিশি হেফাজতেই রয়েছেন। তদন্তকারীদের দাবি, জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অস্ত্র উদ্ধারের অভিযান চালানো সম্ভব হয়েছে।

এখন তদন্তের মূল লক্ষ্য, এই ঘটনায় আর কারা জড়িত এবং উদ্ধার হওয়া অস্ত্র কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.