২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার নজর কেড়েছে কেপ ভার্দে। বিশেষ করে গোলরক্ষক ভোজিনহার অসাধারণ নৈপুণ্য ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। এবার সেই সাফল্যের ঝুলিতে যোগ হল আরও এক বড় সম্মান। বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি পেলেন কেপ ভার্দের ফুটবলার সিডনি লোপেজ কাব্রাল। রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার বিরুদ্ধে তাঁর অনবদ্য বাঁক খাওয়ানো শটকেই টুর্নামেন্টের সেরা গোল হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই সম্মানে পিছনে পড়ে গিয়েছে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেদের গোলও।
মায়ামির স্টেডিয়ামে ম্যাচের ১০৩ মিনিটে কেপ ভার্দে তখন ২-১ গোলে পিছিয়ে। নির্ধারিত সময়ে আর্জেন্টিনাকে রুখে দিলেও অতিরিক্ত সময়ে আবার পিছিয়ে পড়ে তারা। ঠিক সেই মুহূর্তেই জাদু দেখান কাব্রাল। ডান দিক থেকে বক্সের মাথার কাছ থেকে নেওয়া তাঁর দুর্দান্ত কার্লিং শট এতটাই নিখুঁত ছিল যে, আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের পক্ষে তা আটকানো অসম্ভব হয়ে ওঠে। অনেকের মতে, বিশ্বের সেরা গোলরক্ষকদের পক্ষেও সেই শট থামানো কঠিন ছিল। বল জালে জড়াতেই বিস্ময়ে থমকে যান কাব্রাল নিজেও। যদিও শেষ পর্যন্ত কেপ ভার্দে ম্যাচ জিততে পারেনি, তবু তাঁর সেই গোল বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে।
এবারের বিশ্বকাপে মোট ৩০৮টি গোল হয়েছে। সেখান থেকে সেরা গোলের জন্য ১২টি গোলকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছিল। শেষ পর্যন্ত উজবেকিস্তানের এলদোর সোমুরোদভের কঙ্গোর বিরুদ্ধে করা গোল এবং মরক্কোর বিপক্ষে হাইতির উইলসন ইসিডরের গোলকে টপকে সেরার সম্মান জিতে নেয় কাব্রালের সেই অনবদ্য প্রচেষ্টা।
পুরস্কার জয়ের পর কাব্রাল বলেন, “আমি একজন ডিফেন্ডারকে কাটিয়ে সামনে ফাঁকা জায়গা দেখতে পাই। দুই পায়েই শট নিতে পারি বলে আত্মবিশ্বাস ছিল। তাই টপ কর্নার লক্ষ্য করেই বল মারি। শট নেওয়ার পর যখন দেখি বল জালে ঢুকে গেছে, তখন নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল, সত্যিই কি আমি এমন একটা গোল করে ফেললাম!”
গোল করার উচ্ছ্বাসে কাব্রাল গ্যালারিতে উঠে গিয়ে তাঁর বান্ধবীর সঙ্গে আনন্দ ভাগ করে নেন। তবে সেই সময় মায়ের সঙ্গে দেখা হয়নি। কারণ ছেলের অবিশ্বাস্য গোল দেখে আবেগে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। ম্যাচ শেষে ২৩ বছর বয়সি এই সাইডব্যাককে শুভেচ্ছাবার্তা পাঠান ব্রাজিলের প্রাক্তন তারকা মার্সেলো, যাঁকে ছোটবেলা থেকেই নিজের আদর্শ বলে মনে করেন কাব্রাল।







