টানা ১৩ দিনের সামরিক অভিযানের পর ইরানের বিরুদ্ধে হামলায় হঠাৎই বিরতি নিয়েছে আমেরিকা। শুক্রবার রাতের পর থেকে নতুন করে কোনও হামলার খবর সামনে আসেনি। শনিবারও পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকায় মধ্যপ্রাচ্যে সাময়িকভাবে উত্তেজনা কিছুটা কমেছে। একই সঙ্গে আমেরিকার হামলা থেমে যাওয়ার পর ইরানও আপাতত পাল্টা আক্রমণ থেকে বিরত রয়েছে।
এই আকস্মিক সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, সেনাবাহিনীর শীর্ষ পর্যায় থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হামলায় বিরতি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
জানা গিয়েছে, মার্কিন সেনাবাহিনীর যুগ্ম চিফ অফ স্টাফ জেনারেল ড্যান কেইন ব্যক্তিগতভাবে ট্রাম্পকে সতর্ক করেন যে, পশ্চিম এশিয়ায় মোতায়েন প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সেই পরামর্শের পরই সাময়িকভাবে অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।
যদিও মার্কিন সেনাবাহিনীর তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাদের বক্তব্য, জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রেসিডেন্ট ও সামরিক কর্তাদের মধ্যে হওয়া ব্যক্তিগত আলোচনা প্রকাশ করা হয় না।
এছাড়াও জানা যাচ্ছে, ওয়াশিংটনের প্রস্তুত করা সম্ভাব্য হামলার তালিকায় থাকা অধিকাংশ লক্ষ্যবস্তুতেই ইতিমধ্যেই আঘাত হানা হয়েছে। ফলে অভিযানে বিরতির এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার উদ্দেশে ইজরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, জেহাদ ও প্রতিরোধের পথই একমাত্র বিকল্প। একই সঙ্গে হেজবোল্লার লড়াইয়ের প্রশংসা করে তিনি দাবি করেন, ইজরায়েলের প্রবল সামরিক চাপের মুখেও সংগঠনটি দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে।
আমেরিকার সাময়িক বিরতি ভবিষ্যতে স্থায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবল কৌশলগত বিরতি—সেই উত্তরই এখন খুঁজছে আন্তর্জাতিক মহল।







