বিদেশ

POK-তে বিক্ষোভ দমনে রক্তপাতের অভিযোগ, আন্দোলনকারীদের ‘ভারতের মতোই শত্রু’ বলায় বিতর্কে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাক অধিকৃত কাশ্মীর (POK)-এ চলমান অশান্তি আরও তীব্র আকার নিয়েছে। গত দু’দিনে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩২ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাওয়ালাকোট, মিরপুর-সহ একাধিক এলাকায় পরিস্থিতি উত্তপ্ত থাকতেই বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। আন্দোলনকারীদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, “তাঁরা ভারতের মতোই পাকিস্তানের শত্রু।” তাঁর এই মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রের দাবি, গত ৫ জুন থেকে পিওকে-জুড়ে চলা আন্দোলন ও সংঘর্ষে ৯০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা গিয়েছে বলে দাবি করা হলেও, ভিডিওগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আন্দোলনের নেতৃত্বে থাকা যৌথ আওয়ামি অ্যাকশন কমিটি (JAAC)-র অভিযোগ, রাওয়ালাকোট ও মিরপুরে শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি চালানো হয়েছে। নিহতদের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য উমর নাজিরের ভাই উসমান নাজিরও রয়েছেন বলে দাবি করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নামতেই তাঁদের উপর অভিযান চালানো হয় বলেও অভিযোগ সংগঠনের।

অন্যদিকে, পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, জেএএসি জোর করে রাওয়ালাকোটে প্রবেশের চেষ্টা করেছিল। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সংগঠনটি। তাদের বক্তব্য, রাওয়ালাকোট তাদের নিজস্ব এলাকা এবং নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে বহু প্রাণ কেড়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্দোলন সংগঠিত করার কারণে পাকিস্তান সরকার আগেই জেএএসি-কে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে সাম্প্রতিক রক্তপাত ও গুলিচালনার অভিযোগ নিয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিস্তারিত সরকারি ব্যাখ্যা বা প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.