নিউমার্কেটের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর এবার কাঠগড়ায় প্রশাসনিক অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একের পর এক প্রশ্ন তুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর নিশানায় কলকাতা পুরসভা, দমকল এবং বিদ্যুৎ সংযোগের অনুমোদন ব্যবস্থা।
ঘটনাস্থল ঘুরে অগ্নিমিত্রার অভিযোগ, একটি বহুতলের ভিতরে একাধিক হোটেল চলছিল। ছিল অসংখ্য ছোট ঘর এবং বিপুল সংখ্যক এসি। প্রশ্ন উঠছে, এত ঘনবসতিপূর্ণ পরিবেশে কীভাবে হোটেলগুলি চলার অনুমতি পেল? তৃণমূলের আমলে কলকাতা পুরসভা কীভাবে ট্রেড লাইসেন্স দিল, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
শুধু ট্রেড লাইসেন্স নয়, অগ্নিনিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন উঠেছে। দমকলের নিয়ম মেনে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রেও কোনও নিয়ম লঙ্ঘন হয়েছিল কি না, তদন্তে উঠে আসবে সেই তথ্য।
ঘটনার পর কলকাতা পুরসভার আওতাধীন হোটেলগুলির অডিট করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কোন হোটেলের বৈধ অনুমোদন রয়েছে, কোথায় অগ্নিনিরাপত্তার ঘাটতি রয়েছে—সবটাই খতিয়ে দেখা হবে।
ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। ঘটনার গুরুত্ব বুঝে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। ডিসিডিডির নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। পাশাপাশি দমকল বিভাগের তরফেও অভিযোগ জানানো হয়েছে।
নিউমার্কেটের এই ভয়াবহ অগ্নিকাণ্ড তাই এখন শুধু একটি দুর্ঘটনার তদন্তে আটকে নেই। বরং শহরের হোটেলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা, পুরসভার অনুমোদন এবং প্রশাসনিক নজরদারি নিয়ে সামনে এসেছে একাধিক বড় প্রশ্ন। তদন্তের পরই স্পষ্ট হবে, কোথায় ছিল গাফিলতি এবং এই ৯টি প্রাণহানির জন্য আদৌ কার দায়।






