চিন মাস্টার্স থেকে বিদায় নিলেন কিদাম্বি শ্রীকান্ত। শুক্রবার শেনঝেনের বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৭৫০-এর কোয়ার্টার ফাইনালে হংকংয়ের লি চিউক ইউর কাছে সরাসরি দুই গেমে হারতে হল ভারতের প্রাক্তন এক নম্বর তারকাকে। ২১-১৬, ২১-১৬ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেন লি।
প্রথম গেমে অবশ্য দারুণ শুরু করেছিলেন শ্রীকান্ত। পরপর দু’টি পয়েন্ট তুলে নিয়ে এগিয়ে যান তিনি। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। দ্রুতই ম্যাচে ফিরে এসে নিয়ন্ত্রণ নিয়ে নেন লি। এরপর গেমের গতি নিজের অনুকূলে রাখেন হংকংয়ের শাটলার। শেষদিকে শ্রীকান্ত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ততক্ষণে ব্যবধান অনেকটাই বেড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ২১-১৬ ব্যবধানে প্রথম গেম জিতে নেন লি।
দ্বিতীয় গেমে অবশ্য লড়াই আরও জমিয়ে তোলেন শ্রীকান্ত। একের পর এক গুরুত্বপূর্ণ পয়েন্ট জিতে ১৫-১৪ ব্যবধানে এগিয়েও যান তিনি। কিন্তু এরপরই পাল্টা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ ফের নিজের হাতে তুলে নেন লি। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেননি ভারতীয় তারকা। দ্বিতীয় গেমও ২১-১৬ ব্যবধানে জিতে স্ট্রেট গেমে ম্যাচ পকেটে পুরে নেন লি।
লি চিউক ইউর বিরুদ্ধে শ্রীকান্তের পরিসংখ্যানও খুব একটা স্বস্তিদায়ক নয়। এই নিয়ে টানা চারটি ম্যাচে হংকংয়ের তারকার কাছে হারলেন তিনি। লি-র বিরুদ্ধে শ্রীকান্তের একমাত্র জয় এসেছিল ২০১৮ সালের ইন্ডিয়া ওপেনের প্রথম রাউন্ডে। এরপর থেকে অবশ্য প্রতিবারই হারতে হয়েছে তাঁকে।
তবে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেও চিন মাস্টার্সে শ্রীকান্তের পারফরম্যান্সকে মোটেই হতাশাজনক বলা যাবে না। গত তিন বছরে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৭৫০ কিংবা তার চেয়ে উচ্চস্তরের কোনও প্রতিযোগিতায় এটাই তাঁর প্রথম কোয়ার্টার ফাইনাল।
টুর্নামেন্টের শুরুতে চিনা তাইপেইয়ের চি ইউ-জেনকে মাত্র ৩৫ মিনিটে ২১-১৬, ২১-১৫ ব্যবধানে হারিয়েছিলেন শ্রীকান্ত। এরপর রাউন্ড অফ ১৬-তে বিশ্ব র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা কানাডার ভিক্টর লাইকে ২১-১৮, ২১-১৯ ব্যবধানে হারিয়ে নজর কাড়েন তিনি। সদ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী লাই এর আগে ভারতের লক্ষ্য সেনকেও হারিয়েছিলেন। ফলে তাঁর বিরুদ্ধে শ্রীকান্তের জয় স্বাভাবিকভাবেই বাড়িয়ে দিয়েছিল প্রত্যাশা। কিন্তু কোয়ার্টার ফাইনালে লি চিউক ইউর দাপুটে পারফরম্যান্সের সামনে শেষ পর্যন্ত থেমে গেল শ্রীকান্তের দৌড়।







