দেশ

ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, ‘চাপ দিয়ে বয়ান রেকর্ড’-এর দাবি তিন ছাত্রীর

ধর্ষণের অভিযোগ এবং এক ছাত্রীর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তিন ছাত্রী। তাঁদের দাবি, চাপ দিয়ে তাঁদের দিয়ে একটি ভিডিও বয়ান রেকর্ড করানো হয়েছিল। পরে তাঁদের অনুমতি ছাড়াই সেই ভিডিও বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করা হয় বলেও অভিযোগ করেছেন তাঁরা।

শনিবার থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বরে। পড়ুয়ারা জাতীয় সড়ক অবরোধ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে তিন ছাত্রীকে বলতে শোনা যায়, নির্যাতিতা ছাত্রী যে ৫০৪ নম্বর ঘরে থাকতেন, তাঁরা গত দু’মাস ধরে সেই ঘরেই রয়েছেন। কিন্তু সেখানে গণধর্ষণের মতো কোনও ঘটনা ঘটেনি। পুলিশ কিংবা আন্দোলনরত পড়ুয়ারা যাতে তাঁদের বিরক্ত না করেন, সেই আবেদনও করতে দেখা যায় তাঁদের।

ভিডিওটি প্রকাশের পরেই অবশ্য সম্পূর্ণ ভিন্ন দাবি করেন ওই তিন ছাত্রী। তাঁদের অভিযোগ, ভিডিওতে যা বলা হয়েছে, তা তাঁদের নিজেদের ইচ্ছায় নয়, বরং নির্দেশ মেনেই বলতে হয়েছিল। পড়ুয়ারা তাঁদের বিরক্ত করছেন—মূলত এই বক্তব্যই তাঁদের দিয়ে বলানো হয়েছিল বলে দাবি করেন তাঁরা। এমনকী তাঁদের সম্মতি ছাড়াই ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ। ভিডিও প্রকাশের পর তাঁরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন বলে দাবি করেছেন তিন ছাত্রী। যদিও তাঁদের এই অভিযোগ নিয়ে এখনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শনিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসে। জানা যায়, সম্প্রতি ক্যাম্পাসের মধ্যেই এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ছাত্রীকে তাঁর বাড়িতে পাঠিয়ে দেয় বলে জানা যায়। কয়েক দিন পর তাঁর রুমমেট অন্য পড়ুয়াদের জানান, ওই ছাত্রী আত্মঘাতী হয়েছেন। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

শনিবার রাতে প্রায় এক হাজার পড়ুয়া বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান। ভাঙচুরের পাশাপাশি ইটবৃষ্টির ঘটনাও ঘটে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আপাতত ১০ দিনের জন্য পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। তবে এখনও পর্যন্ত ঘটনায় কোনও অভিযুক্তকে চিহ্নিত করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.