মুখ্যসচিব মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা জারি করল আলিপুর আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, মুখ্যসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে, কিংবা তাঁকে ‘ভোট চোর’ অথবা বেআইনি কাজের সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত করে— এমন কোনও মন্তব্য সোশ্যাল মিডিয়া বা অন্য কোনও প্রচারমাধ্যমে পোস্ট কিংবা শেয়ার করতে পারবেন না মহুয়া।
আদালত আরও জানিয়েছে, গত ৩ ও ৬ অক্টোবর মহুয়া মৈত্রের করা পোস্টগুলি অর্ডারের কপি হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলতে হবে। একইসঙ্গে, কেন এই অন্তর্বর্তী নিষেধাজ্ঞা স্থায়ীভাবে বহাল রাখা হবে না, তার কারণ জানিয়ে মহুয়াকে নোটিসও দিয়েছে আদালত। আগামী ৫ জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানি হবে।
মামলার পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, মহুয়ার পোস্টগুলিতে শুধু এসআইআর প্রক্রিয়ার সমালোচনা করা হয়নি, বরং মুখ্যসচিবের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগও তোলা হয়েছে। তবে সেই গুরুতর অভিযোগের সমর্থনে আদালতে উপযুক্ত প্রমাণ পেশ করতে পারেননি মহুয়া। ফলে প্রাথমিক পর্যায়েই ওই অভিযোগগুলির আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠছে বলে জানিয়েছে আদালত।
আদালতের মতে, এসআইআর বা কোনও সরকারি নীতি নিয়ে জনস্বার্থের বিষয় হিসেবে আলোচনা কিংবা সমালোচনা করার অধিকার প্রত্যেকেরই রয়েছে। কিন্তু সেই সমালোচনার আড়ালে কোনও সরকারি আধিকারিকের ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন মন্তব্য করা যায় না।
মনোজ আগরওয়ালের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তাঁকে ‘ভোট চোর’ বলে অভিহিত করেছিলেন মহুয়া। পাল্টা মহুয়ার দাবি ছিল, লক্ষ লক্ষ বৈধ বাঙালি ভোটারের ভোটাধিকার বেআইনিভাবে কেড়ে নেওয়ার জন্য মনোজই দায়ী। ওই পোস্টে মহুয়া মন্তব্য করেছিলেন, ‘‘দেশ এ বার আপনাকে ধাওয়া করবে। ছাড় পাবেন না।’’
মনোজের আইনজীবীর দাবি, প্রাক্তন সিইও কোনও ভোট চুরি, কারচুপি বা বেআইনি কাজে জড়িত ছিলেন না। আইন এবং নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই তিনি তাঁর সরকারি দায়িত্ব পালন করেছেন।
মনোজের বক্তব্য, মহুয়ার এই ধরনের অভিযোগ তাঁর সততা, পেশাগত দক্ষতা এবং সামাজিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট দুটি পোস্ট সরাতে হবে মহুয়াকে। পাশাপাশি লিখিতভাবে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এ ধরনের মানহানিকর মন্তব্য করবেন না বলে প্রতিশ্রুতি দেওয়ার দাবিও করা হয়েছে।
মানহানির ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা এবং মামলা সংক্রান্ত আইনি ও অন্যান্য খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা দাবি করেছেন মনোজ আগরওয়াল।







