বিকেলের জলখাবারে একই ধরনের খাবার খেতে খেতে একঘেয়েমি লাগছে? তা হলে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু এগ মাঞ্চুরিয়ান। সেদ্ধ ডিমের মুচমুচে আস্তরণ আর রসুন, ক্যাপসিকাম ও বিভিন্ন সসের মিশেলে তৈরি এই পদ স্বাদে একেবারে আলাদা। নুডলস, ফ্রায়েড রাইস কিংবা গরম ভাতের সঙ্গেও দারুণ মানিয়ে যাবে। মাত্র ২৫ মিনিটে দু’জনের জন্য বানিয়ে নিতে পারেন এই পদ।
**উপকরণ**
* ডিম ৫টি
* ময়দা ৪ টেবিল চামচ
* কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
* আদা-রসুন বাটা আধ টেবিল চামচ
* ক্যাপসিকাম কুচি আধ কাপ
* পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
* কাঁচালঙ্কা কুচি আধ চা চামচ
* সয়া সস ১ টেবিল চামচ
* ভিনিগার ১ টেবিল চামচ
* চিলি সস ১ টেবিল চামচ
* টম্যাটো কেচাপ ১ চা চামচ
* নুন, গোলমরিচ, ধনেপাতা ও ভাজার তেল পরিমাণমতো
**প্রণালী**
প্রথমে ডিমগুলি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চার টুকরো করে নিন। একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, সামান্য আদা-রসুন বাটা, নুন ও গোলমরিচ মিশিয়ে অল্প জল দিয়ে ঘন গোলা তৈরি করুন। ডিমের টুকরোগুলি সেই গোলায় মাখিয়ে গরম তেলে সোনালি ও মুচমুচে করে ভেজে তুলে রাখুন।
এ বার অন্য কড়াইয়ে অল্প তেল গরম করে বাকি আদা-রসুন বাটা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম ও কাঁচালঙ্কা দিয়ে কয়েক মিনিট ভাজুন। তার পর সয়া সস, ভিনিগার, চিলি সস ও টম্যাটো কেচাপ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। প্রয়োজনমতো নুন ও গোলমরিচ দিন।
সবশেষে ভাজা ডিমের টুকরোগুলি কড়াইয়ে দিয়ে সসের সঙ্গে ভাল করে মাখিয়ে নিন। কয়েক মিনিট রান্না করে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে ফেলুন।
ব্যস, তৈরি মুচমুচে ও ঝালঝাল এগ মাঞ্চুরিয়ান! গরমাগরম পরিবেশন করুন। ডিমের বাইরের আস্তরণ মুচমুচে রাখতে পরিবেশনের ঠিক আগে সসের সঙ্গে মেশানোই ভাল।







