রাজ্যের স্কুলশিক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। পড়ুয়ার সংখ্যা কম, এমন স্কুলগুলিকে আর আলাদা করে চালানোর পরিবর্তে কাছাকাছি অন্য স্কুলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সরকারি খরচ কমানো এবং শিক্ষক-শিক্ষাকর্মীদের আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে শিক্ষাদপ্তর সূত্রে খবর। শুধু স্কুলের পরিকাঠামো নয়, পড়ুয়াদের হাজিরা নেওয়ার পদ্ধতিতেও আসতে চলেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া।
শিক্ষাদপ্তরের নির্দেশিকা অনুযায়ী, কম পড়ুয়া রয়েছে এমন স্কুলগুলির তালিকা তৈরি করে সেগুলিকে নিকটবর্তী কোন স্কুলের সঙ্গে সংযুক্ত করা যায়, তার প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। তবে এই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনও পড়ুয়াকে যাতে স্কুল পরিবর্তনের জন্য এক কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে না হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গোটা প্রক্রিয়ায় শিক্ষার অধিকার আইন বা রাইট টু এডুকেশন (RTE)-এর নিয়ম মেনে চলার কথাও বলা হয়েছে।
শিক্ষাদপ্তরের আধিকারিকদের মতে, বেশ কিছু নিউ সেট আপ জুনিয়র হাইস্কুলে বর্তমানে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম। ভৌগোলিক অবস্থান এবং আর্থসামাজিক পরিস্থিতির কারণে আগামী দিনে সেই সংখ্যা বাড়ার সম্ভাবনাও কম। ফলে ওই স্কুলগুলিকে কাছাকাছি অন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চাইছে সরকার।
তবে সরকারের এই পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই আপত্তি উঠেছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর দাবি, শিক্ষক নিয়োগের অভাব এবং পরিকাঠামোগত দুর্বলতার কারণেই সরকারি স্কুলের প্রতি অভিভাবকদের আস্থা কমছে। তাঁর মতে, স্কুল সংযুক্তিকরণের পরিবর্তে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং পরিকাঠামোর উন্নয়ন করলে সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা বাড়ানো সম্ভব।
এদিকে স্কুল পরিচালনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও করছে শিক্ষাদপ্তর। দীর্ঘদিনের রোলকল পদ্ধতির পরিবর্তে এআই প্রযুক্তি ব্যবহার করে হাজিরা নেওয়ার কথা ভাবা হচ্ছে। শিক্ষকদের মোবাইলে ফেস রেকগনিশন বা মুখ শনাক্তকরণ প্রযুক্তির সাহায্যে পড়ুয়াদের উপস্থিতি নথিভুক্ত করার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এর ফলে শ্রেণিকক্ষে পড়ানোর জন্য আরও বেশি সময় পাওয়া যাবে বলে মনে করছে দপ্তর।
সব মিলিয়ে কম পড়ুয়া থাকা স্কুলের সংযুক্তিকরণ থেকে শুরু করে এআই নির্ভর হাজিরা ব্যবস্থা—রাজ্যের স্কুলশিক্ষা ব্যবস্থায় একাধিক পরিবর্তনের পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে শিক্ষাদপ্তর।







