জেলাসফরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা জানতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মেঠো পথ দিয়ে হেঁটে বাড়ি বাড়ি ঢুকে মরিশাদায় গ্রামবাসীদের আক্ষেপের কথা শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবারই কাঁথিতে জনসভার মঞ্চ থেকে জনসংযোগে আরও জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। ঠিক তার পরদিনই হলদিয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎবিহীন দুই গ্রাম বিষ্ণুরামচক এবং সৌতনপুরে উপস্থিত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
ঠিক কী জানা যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বাংলার প্রায় প্রত্যেকটি গ্রামে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে বিদ্যুৎ এবং জল। সেখানে ব্যতিক্রম হলদিয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিষ্ণুরামচক এবং সৌতনপুর গ্রাম। এখানে স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত পৌঁছয়নি বিদ্যুৎ। আর তা দেখেই হতবাক কুণাল ঘোষ। প্রশ্ন তোলেন, ‘তাহলে এতদিন বামেরা এবং অধিকারীরা কী কাজ করল?’
মুখপাত্রের উবাচ, ‘ভাবা যায়? দু’টি গ্রাম। স্বাধীনতার পর থেকে এখনও যাদের বিদ্যুৎ আসেনি। হলদিয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে বিষ্ণুরামচক এবং সৌতনপুর। দীর্ঘ বামজমানা এবং পরবর্তীকালে অধিকারীরাজ, বারবার আবেদন নিষ্ফলা। কাল সন্ধ্যেয় কাঁথি থেকে হলদিয়া চলে এসেছি। সকালে মাখনবাবুর বাজার মোড়ে বসে চা খাচ্ছিলাম। নাগরিকদের সঙ্গে কথোপকথন। সেই সময়ই অভিযোগ, দুই গ্রামে বিদ্যুৎ নেই। রাস্তাও খারাপ। শুভেন্দু এবং শ্যামল আদকের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ। অতঃপর তাঁদের অনুরোধে তাঁদের গ্রামে গেলাম। বন্দরের জমি সংক্রান্ত কিছু জটিলতা আছে শুনলাম, কিন্তু তাতেও অন্যত্র বিদ্যুৎ আছে। সবুজ গ্রাম, একাধিক পুকুর, শান্ত সুন্দর লাগল। সকলের অনুরোধ, যুগে যুগে সবাই শুধু প্রতিশ্রুতি দিয়েছে। এবার তৃণমূল বিদ্যুৎ আনতে সক্রিয় হোক। দে!খলাম। শুনলাম। দেখা যাক কী করা যায়।’
বছর ঘুরলেই পঞ্চায়েত। তার পূর্বে ‘জনসংযোগ’ মস্ত হাতিয়ার স্বরূপ। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তা সমাধানই এখন বড় চ্যালেঞ্জে দাঁড়িয়েছে বলা বাহুল্য।







