নিজস্ব সংবাদদাতা : সোনাগাছি দুর্গাপুজোর প্রচারে এবারে যৌনকর্মীরাই। পুজো কমিটির ব্যানারে-পোস্টারে দেখা যাবে তাদেরই মুখ। সেই সূত্রে আগামী কাল ফটোশুট হলো কুমোরটুলিতে। পাশে দাঁড়াল ‘অর্জুনপুর আমরা সবাই’ পুজো কমিটির মহিলারা।
সামনেই পুজো। আর পাঁচটা খেটে খাওয়া মানুষদের মত তারাও আনন্দে মেতে ওঠে এইসময়। কিন্তু তাদের কাজের জন্য সমাজ তাদের কোণঠাসা করে রাখে। ‘নিষিদ্ধ পল্লী’র কর্মী হলেও তারাও তো মানুষ। তারাও অপেক্ষা করতে থাকে পূজোর এই কটা দিনের জন্য। তাই পুজো উৎসব পালিত হয় সেখানেও। কিন্তু সেই পুজোর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার কেউ হতে চায় না।
তাই এবছর কারোর দিকে মুখিয়ে না থেকে নিজেদের পূজোর প্রচার নিজেরাই করবে বলে সিদ্ধান্ত নেন তারা। ‘ পুজো যাদের, তাদেরই পূজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া উচিত ‘ বলে গলা উচুঁ করে জানালো যৌন কর্মীরা। খবর আসতেই পাশে থাকার আশ্বাস দিল ‘ অর্জুনপুর আমরা সবাই ‘ কমিটির সদস্যরা। এই কমিটির এক মহিলা জানান, ‘ আমরা দিদিদের পাশে আছি। খবরটি শুনেই অনেকেই নাক শেঁটকালেও আমরা তাদের সাথে থাকার সুযোগ পেয়ে নিজেদের ধন্য মনে করছি।’
আগামী ৩০ শে আগস্ট বুধবার সোনাগাছিতে দুর্গাপুজোর খুঁটিপুজো হবে। সেদিনই সমস্ত হোল্ডার, ব্যানার ও পোস্টার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সভাপতি বিশাখা লস্কর। তিনি আরো বলেন, ‘ গোটা শহর জুড়ে অলিতে-গলিতে সমস্ত পুজোর প্রচার করা হয়। এবছরে আমরা এভাবে আত্মপ্রকাশ করার চেষ্টা করেছি। যারা এই উদ্যোগে আমাদের পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই ‘।







