রাজ্য

পুর-অধিবেশনে প্রশ্ন-বিতর্ক, তৃণমূল কাউন্সিলারাই শাসক বিরোধী ভূমিকায়

তবে কি বর্তমান শাসক কাউন্সিলাররাই রয়েছে বিরোধীদের ভূমিকায়? কলকাতা পুরসভার অধিবেশনে বিভিন্ন ওয়ার্ডের সমস্যার বিহিত চাইছেন তৃণমূল কাউন্সিলাররাই। বর্তমানে কলকাতা পুরসভায় বিরোধী দল বিজেপির কাউন্সিলার তিন জন এবং বাম কাউন্সিলারের সংখ্যা দুই, কংগ্রেসের এক জন। পুরসভার গত কয়েকটি অধিবেশনের ছবিটা কিছুটা এমনই।

১৪৪ জন কাউন্সিলারের মধ্যে ১৩৮ জনই তৃণমূলের। ফলে প্রতিটি মাসিক অধিবেশনে শাসক দলের কাউন্সিলরদের প্রশ্নে অনেক সময়ে অস্বস্তিতে পড়তে হচ্ছে মেয়র ফিরহাদ হাকিম-সহ অন্য মেয়র পারিষদদের।

গত অধিবেশনে ১৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সঞ্চিতা মিত্র বেহালায় তাঁর ওয়ার্ডে উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের আওতাধীন সাত বিঘা জমিতে কী ভাবে দিনের পর দিন বেআইনি কারখানা রমরিময়ে চলছে, সেই প্রশ্ন তোলেন। আবার ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বিশ্বরূপ দে তাঁর ওয়ার্ডের অন্তর্গত বাবুরাম শীল লেন, মদন দত্ত লেন, শ্রী গোপাল মল্লিক লেন, জগবন্ধু লেনে উত্‍সবের মরশুমেও জল সংকট চলছিল বলে অভিযোগ করেন। পাশাপাশি বিশ্বরূপের প্রশ্ন ছিল, জিএসটি ও সেস বাধ্যতামূলক হওয়ার জন্য কী ভাবে পুরসভার উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে।

নিজের দলের কাউন্সিলারদের যাবতীয় প্রশ্নের উত্তর দেন মেয়র নিজেই। কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে গড়ে সাত-আটটি প্রশ্ন করেন কাউন্সিলররা। পাশাপাশি পুর-পরিষেবা নিয়ে গড়ে ছ’-সাতটি করে টিকা-সহ প্রস্তাব উত্থাপিত হয়। এর মধ্যে বিরোধীরা গড়ে দু’-একটি প্রশ্ন উত্থাপন করেছেন। প্রস্তাব ও টিকার ক্ষেত্রেও সংখ্যাটা মোটের উপর একইরকম। তাই অধিবেশনের একটা বড় সময়ে তৃণমূল কাউন্সিলাররাই নাগরিকদের সমস্যার কথা তুলে ধরছেন। বিরোধীদের তরফে ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার সজল ঘোষ প্রতি অধিবেশনে নিয়মিত প্রশ্ন ও প্রস্তাব উত্থাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.