টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা এবার একসঙ্গে অভিনয় করবেন ‘মির্জা’ ছবিতে। আজ থেকেই শুরু হচ্ছে এই ছবির শুটিং। ছবিতে ঐন্দ্রিলাকে দেখা যাবে এক মাছবিক্রেতার চরিত্রে। ঐন্দ্রিলা বলেন, “ছবির চরিত্রটা শুনেই পছন্দ হয়ে যায়। তবে অঙ্কুশের ছবি বলেই চরিত্র না শুনে রাজি হয়ে গিয়েছিলাম। যেটা অন্য ছবির ক্ষেত্রে কখনও ঘটে না।”
ঐন্দ্রিলা জানান, এই চরিত্রটি করতে গিয়ে তাঁকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তিনি বলেন, “ছবির চরিত্রটি বেশ সাহসী এবং ঠোঁটকাটা। আমি নিজেই এমন চরিত্রের অভিনয় আগে কখনও করিনি। তাই একটু নার্ভাসও লাগছে। তবে নিজেকে প্রমাণ করার তাগিদটাও বেশি।”
অঙ্কুশ বলেন, “মুসকানের চরিত্রের জন্য একজন পরিণত অভিনেত্রীর প্রয়োজন ছিল। ঐন্দ্রিলা ছাড়া অন্য কাউকে এই চরিত্রে ভাবতে পারছি না। তিনি একজন প্রতিভাবান অভিনেত্রী। তাই আমি নিশ্চিত তিনি এই চরিত্রটিতে সফল হবেন।”







