মঙ্গলবার বিকেলে কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে তল্লাশি চালায় মেদিনীপুর থানার পুলিস। ঘটনাটিকে তাঁকে ‘ফাঁসানো’র চক্রান্ত উল্লেখ করে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। এবার তারপরই বুধবার বাংলায় এসে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ শানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গতকাল অমিত শাহকে ফোন করে সব বলেন শুভেন্দু। শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘বিবরণ দিয়েছি গোটা ঘটনার।’ পাশাপাশি, পুলিসি হানার ঘটনায় বুধবার কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেন তিনি। হুঁশিয়ারি দেন, ‘এর শেষ দেখে ছাড়ব।’
বুধবার কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভামঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, ‘আরে মমতাদিদি, আমরা বিজেপির লোক। আপনার পুলিসকে ভয় পাই না।’
শাহর সংযোজন, ‘৫ দফার ভোটেই নরেন্দ্র মোদি ৩১০ আসন পার করে গিয়েছে। মমতার ইন্ডিয়া জোটের মুখ শুকিয়ে গিয়েছে।’ পশ্চিমবঙ্গ থেকে ৩০টারও বেশি আসন পাবে বিজেপি, এহেন দাবি এর আগেও করেছেন অমিত শাহ। সেখানেই স্থির থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর উবাচ, ‘এবার বাংলা থেকেই নরেন্দ্র মোদি ৩০ আসন পেতে চলেছেন। বিজেপি ৩০ আসন পেলেই তৃণমূল টুকরো টুকরো হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিদায় আসন্ন।’







