উপনির্বাচনে জয়ী দুই প্রার্থীর শপথগ্রহণ বিষয়ে জটিলতা অব্যাহত। যা নিয়ে রাষ্ট্রপতিকেও জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখলেন তিনি। অবিলম্বে জটিলতা মেটানোর আবেদন।
উল্লেখ্য, বাংলায় বরাহনগরের উপনির্বাচনের ফলাফলের পরবর্তীতে এই সংঘাত শুরু হয়। এখনও শপথ নিতে পারেননি রাজ্যের দুই বিধানসভার জয়ী প্রার্থী। রাজভবন বনাম জয়ী প্রার্থী, এহেন পরিস্থিতি। রাজ্যপাল চান রাজভবনে আসুক জয়ী প্রার্থীরা। অন্যদিকে, রাজভবনে যেতে নারাজ জয়ী প্রার্থীরা। এই ইস্যুতে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
চিঠিতে রাজ্যপালের প্রতি কী আর্জি স্পিকারের? সূত্রের খবর, সমস্যা কাটিয়ে দ্রুত শপথবাক্য পাঠ করানোর আবেদনই জানিয়েছেন স্পিকার। তাঁর অনুরোধ, সমস্যা মিটিয়ে রাজ্যপাল যেন বিধানসভায় গিয়ে দুই জয়ী প্রার্থীকে শপথবাক্য পড়ান। কিন্তু বর্তমানে দিল্লিতে রাজ্যপাল। তবে, কী করবেন তিনি? তা এখনও স্পষ্ট নয়।







