আইপিএলের নিলামের আগেই কোচ বদল মুম্বাই ইন্ডিয়ান্সে । মার্ক বাউচারের জায়গায় আবার কোচের দায়িত্ব পেলেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে । গত আইপিএলে ভালো ফল করতে পারেনি মুম্বাই । পয়েন্ট তালিকার ১০ নম্বরে থেকে খেলা শেষ করেছিলেন হার্দিক পান্ডিয়ারা। তাই কোচ পরিবর্তনের বিষয়টি কার্যত নিশ্চিত ছিল ।
উল্লেখ্য, আগেও মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব সামলেছেন মাহেলা জয়াবর্ধনে। ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত , তিনি কোচ থাকাকালীন সময়ে, তাঁর অধীনে তিনবার আইপিএল জয়ী হয়েছে দল । ২০২২ সালে মুম্বইয়ের ‘গ্লোবাল পারফরম্যান্স হেড’ হন তিনি । তাঁর ফলে কোচের দায়িত্ব ছেড়ে দিতে হয় তাঁকে । তবে এবার আবার দলের দায়িত্ব পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার ।
কোচ পদ ফিরে পাওয়ার বিষয়ে , মাহেলা জয়াবর্ধনে এক বিবৃতিতে জানিয়েছেন , “মুম্বইয়ের সঙ্গে আমার যাত্রাপথ একটা বিপ্লবের মতো। ২০১৭ সালে দায়িত্ব নিয়ে চেষ্টা করেছিলাম প্রতিভাবান ক্রিকেটারে ভরা একটা দলের থেকে সেরাটা বার করে আনার। সেই চেষ্টায় সফল হয়েছি। ফিরে আসার পর ভবিষ্যতের দিকে নজর দেওয়াই আমার কাজ। দলমালিকদের দৃষ্টিভঙ্গিকে সফল করার চেষ্টা করব।”
পাশাপাশি , মাহেলার প্রত্যাবর্তনের বিষয়ে আকাশ আম্বানি জানিয়েছেন , “মাহেলাকে কোচ হিসাবে ফেরাতে পেরে আমরা উত্তেজিত। বিশ্বজুড়ে আমাদের দলগুলি মোটামুটি ভাবে দাঁড়িয়ে গিয়েছে। তার পরেই মুম্বইয়ের কোচ হিসাবে ওঁকে ফেরানোর ভাবনা মাথায় এসেছে।”







